কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে ভোররাতে ককটেল ফাটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টার দিকে শীতের পোশাকপরা তিনজন চলন্ত মোটর সাইকেলে এসে একটি ককটেল ছুড়ে শহরের হাউজিংয়ের দিকে চলে যায়। এ সময় ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।
কুষ্টিয়া জেলা কারাগারের সুপার শরিফুল ইসলাম জানান, এ বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন জানান, ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্তের কাজ চলছে।