হোম > সারা দেশ > খুলনা

দস্যু আতঙ্কে সুন্দরবন, খালি থালা-কলস নিয়ে পথে নারীদের বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

থালা-কলস নিয়ে নারীদের বিক্ষোভ । ছবি: আমার দেশ

সুন্দরবনে বনদস্যুদের আতঙ্কে উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে বনজীবী পরিবারের পুরুষ সদস্যদের। ঘরে খাবার নেই, অনেক পরিবারের চুলায় জ্বলছে না আগুন। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। অভাবের কারণে সন্তানদের লেখাপড়ার খরচ জোগানো কঠিন হয়ে পড়েছে। এমন দুর্বিষহ পরিস্থিতিতে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে খালি থালা ও কলস হাতে রাস্তায় নেমেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার শত শত নারী।

বৃহস্পতিবার বেলা ১১টায় গাবুরা সোরার ক্লাব মোড়ে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে বনজীবী পরিবারের সদস্য, গৃহবধূ, নারী ও কিশোরীরা অংশ নেন। তাদের হাতে ছিল খালি থালা ও কলস। এসব প্রতীকী উপকরণের মাধ্যমে তারা তুলে ধরেন বনদস্যুদের আতঙ্কে কর্মহীন হয়ে পড়া পরিবারের অভাব, অনাহার ও পানির সংকটের চিত্র।

বিক্ষোভে অংশ নিয়ে ময়না খাতুন বলেন, সুন্দরবনে দস্যুদের আতঙ্কে পরিবারের উপার্জন বন্ধ হয়ে গেছে। পরিবারের পুরুষ সদস্যরা বনে যেতে পারছেন না। গত দুই দিন ধরে তার বাড়িতে রান্না হয়নি। কীভাবে সংসার চলবে, তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তারা।

লায়লা খাতুন বলেন, পরিবারের পুরুষেরা বনে যেতে না পারায় আয়-রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। ঘরে খাবার নেই, অনেক পরিবারের চুলায় আগুন জ্বলছে না। এভাবে আর কত দিন চলবে, তা কেউ জানে না।

বিলকিস বেগম বলেন, অভাবের কারণে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। খাবারের সংকটের পাশাপাশি বিশুদ্ধ পানির অভাবও দেখা দিয়েছে। শেফালী বিবি ও রহিমা খাতুন বলেন, বনদস্যুদের কারণে উপকূলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অন্যদিকে শাহিদা খাতুন ও হালিমা খাতুন জানান, অর্থাভাবে সন্তানদের লেখাপড়ার খরচ চালানোও কঠিন হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে সন্তানদের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হবে।

বিক্ষোভকারীদের অভিযোগ, সুন্দরবনকে ঘিরে যেসব পরিবারের জীবিকা, তাঁদের কাছে বনে যেতে না পারা মানে উপার্জন বন্ধ হয়ে যাওয়া। বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় তাঁরা জীবিকার ঝুঁকি নিতে পারছেন না। এর সরাসরি প্রভাব পড়ছে পরিবারের নারী ও শিশুদের ওপর। একদিকে খাদ্যসংকট, অন্যদিকে পানির অভাব ও সন্তানদের পড়াশোনা বন্ধ হওয়ার শঙ্কা নিয়ে দিন কাটছে তাঁদের।

বিক্ষোভকারীরা অবিলম্বে সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা, দস্যুদের দৌরাত্ম্য বন্ধ এবং বনজীবীদের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচিতে সংহতি জানান বনদস্যু নির্মূল কমিটির মুখ্য সমন্বয়ক আশিকুর রহমান, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম বাবলু, মো. ওলিউল্লাহ, শহিদুল্লাহ শেখ, আজগর গাজী ও সাইফুল ইসলাম। তারা বলেন, সুন্দরবনকেন্দ্রিক বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান শুরু না হলে উপকূলের মানুষ ও নারীদের নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

ফকিরহাটে ছাত্রলীগ-যুবলীগের তিন কর্মী গ্রেপ্তার

নামের মিলের কারণে ভারতে হত্যা মামলার আসামি

সাবেক এমপির স্ত্রীসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা

যশোরে ১৫০ টন পাচারকৃত সরকারি গমসহ জাহাজ জব্দ, আটক ৫

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে নড়াইলে হিন্দুদের মানববন্ধন

সাতক্ষীরায় গৃহবধূ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ইবির সমাবর্তনে নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি

চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহাদারকে কুপিয়ে হত্যা

আড়াই যুগেও আলোর মুখ দেখেনি খানজাহান আলী বিমানবন্দর

নামের ভুলে ১৮ বছর বন্দি থাকার পর দেশে ফিরেও কারাবাস, ২৮ দিনের প্যারোলে বাদল