উৎকণ্ঠায় পরিবার
মালয়েশিয়ায় ৯ দিন ধরে বিল্লাল শেখ নামে এক বাংলাদেশি যুবক নিখোঁজ রয়েছেন। গত ১২ মে মঙ্গলবার দুপুর থেকে তার কোনো খোঁজ মিলছে না। এতে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন দেশে থাকা তার পরিবার ও স্বজনরা।
নিখোঁজ বিল্লাল শেখের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ পৌরভার মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড় এলাকায়। তিনি ওই এলাকার মৃত মফিজ উদ্দিন শেখের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে ২০১৮ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান বিল্লাল শেখ। সেখানে তিনি কেলেন্তান কাজাং এলাকায় জঙ্গল পরিষ্কারের কাজ করতেন।
২০২৫ সালের ডিসেম্বরে ছুটিতে দেশে এসেছিলেন তিনি। পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দুই মাসের ছুটি শেষে আবারও কর্মস্থলে ফিরে যান।
গত ১২ মে দুপুরে স্ত্রী পারুল বেগমের সঙ্গে ভিডিও কলে কথা হয় বিল্লাল শেখের। এরপর থেকেই তার ব্যবহৃত ইমো, মেসেঞ্জারসহ সব ধরনের যোগাযোগ মাধ্যম বন্ধ পাওয়া যাচ্ছে। দীর্ঘ ৯ দিনেও কোনো খোঁজ না মেলায় উৎকণ্ঠায় রয়েছেন তার মা, স্ত্রী ও চার সন্তান।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনায় ভেঙে পড়েছে পুরো পরিবার।
স্ত্রী পারুল বেগম বলেন, আমার স্বামী ৯ দিন ধরে নিখোঁজ। ১২ মে দুপুরে ভিডিও কলে কথা হয়েছিল। এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই। আমরা খুব টেনশনে আছি। সরকারের কাছে দাবি, আমার স্বামীর যেন সন্ধান দেয়। চার সন্তান নিয়ে খুব কষ্টে দিন পার করছি।
বিল্লালের বৃদ্ধা মা মোছাম্মৎ বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার একমাত্র ছেলে বিল্লাল শেখ। ৯ দিন ধরে তার সঙ্গে কথা বলতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। আপনারা আমার ছেলেকে খুঁজে দেন।
প্রতিবেশী আব্দুর রশীদ বলেন, বিল্লাল শেখ খুব ভালো ও কর্মঠ মানুষ। তার নিখোঁজের খবরে আমরাও উদ্বিগ্ন। দ্রুত তার সন্ধান বের করতে সরকারের সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, সামাজিক মাধ্যমের মাধ্যমে জেনেছি, মালয়েশিয়ায় মাদারগঞ্জের এক রেমিট্যান্সযোদ্ধা বিল্লাল শেখ নিখোঁজ রয়েছেন। পরিবারের প্রতি আমার পরামর্শ, তারা যেন দ্রুত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। তিনি আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, যাতে পরিবারটিকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া যায়।
এমএইচ