নেত্রকোনার মদনে ইউএনওর অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। এরআগে, আমার দেশে ‘ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
সৈয়দ মিঠু মিয়া সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি।
ইউএনও অফিস ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মদন পৌর শহরের সরকারি কলেজ মোড় এলাকায় চট্টগ্রামগামী বাসে যাত্রীদের চরম দুর্ভোগ ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এমন খবর পেয়ে মদনের ইউএনও নাদির হোসেন শামীম অভিযান পরিচালনা করে। এ সময় যাত্রীরা নানান হয়রানি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ করে। তখন ওই স্থানে আসেন মিঠু মিয়া। পুলিশ দূরে সরতে বললে সে বাকবিতণ্ডায় পড়ে। এ সময় সৈয়দ মিঠু মিয়ার হামলায় দুই পুলিশ সদস্য আহত হন।
ছাত্রদলের নেত্রকোনা জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সৈয়দ মিঠু মিয়াকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা শাখার সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শুক্রবার এ সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মামলা হচ্ছে। আজ আদালত পাঠানো হবে।
জেডএম