নেত্রকোনার পূর্বধলায় গাঁজাসহ আটক সম্রাট (৫৮) নামে এক মাদক কারবারিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। সোমবার রাতে উপজেলার দত্তকুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে দত্তকুনিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালায় তারা । এ সময় গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে সম্রাটকে গাঁজাসহ আটক করা হয়।
অভিযোগ রয়েছে, গ্রেপ্তারের পর সম্রাটের বড় ভাই সাবেক ইউপি সদস্য বাবুল মিয়াসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে ডিবি সদস্যদের ঘিরে ফেলেন। একপর্যায়ে তারা সম্রাটকে ডিবি পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যান।
খবর পেয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্য এবং নেত্রকোনা জেলা গোয়েন্দা কার্যালয়ের আরও কয়েকজন সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া। তিনি বলেন, ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। আটক সম্রাট পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) দেবাংশু কুমার দে বলেন, সম্রাটকে গাঁজাসহ আটক করার পর তার আত্মীয়-স্বজন ও সহযোগিরা ডিবি পুলিশের হেফাজত থেকে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এমই