জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের শূন্যরেখায় টানা ছয় দিন খোলা আকাশের নিচে অবস্থান করা সেই নারীকে আর দেখা যাচ্ছে না। রোববার সীমান্তের পাথরের চর এলাকায় শূন্যরেখায় তার উপস্থিতি লক্ষ্য করেননি স্থানীয় বাসিন্দারা। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে ফিরিয়ে নিয়ে গেছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর মঙ্গলবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর সীমান্ত দিয়ে আনুমানিক ৩০ বছর বয়সি এক নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে সীমান্তে দায়িত্বরত বিজিবির সদস্য ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে ওই চেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন ওই নারী।
টানা ছয় দিন ধরে খোলা আকাশের নিচে শূন্যরেখায় অবস্থান করতে দেখা যায় তাকে। এ সময় তার খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিয়ে উদ্বেগ তৈরি হয়। দীর্ঘ সময় ধরে সীমান্তে তার এমন অবস্থান স্থানীয়দের মধ্যেও কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি করে।
রোববার সকালে স্থানীয় লোকজন শূন্যরেখায় ওই নারীকে দেখতে না পেয়ে বিষয়টি বিজিবিকে জানায়। পরে বিজিবির পক্ষ থেকে স্থানীয়দের জানানো হয়, সম্ভবত বিএসএফ সদস্যরা তাকে সেখান থেকে নিয়ে গেছেন। তবে তাকে কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, শূন্যরেখায় থাকা ওই নারী ভারতের অনুকূলে অবস্থান করছিলেন। সম্ভবত বিএসএফ তাকে ফিরিয়ে নিয়ে গেছে।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, সীমান্তের শূন্যরেখায় ওই নারী যেখানে অবস্থান করছিলেন, রোববার সকালে সেখানে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে ছয় দিন শূন্যরেখায় অবস্থানের পর ওই নারী কোথায় গেছেন, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।