হোম > সারা দেশ > ময়মনসিংহ

আইনজীবী চেম্বার থেকে অস্ত্র-গুলি ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুর জেলা আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক এবং দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনিরের ব্যক্তিগত চেম্বারে অভিযান চালিয়ে দুটি পাইপগান, চার রাউন্ড গুলি, ছয়টি ককটেলসদৃশ বস্তু, বিদেশি মদ ও দুই বোতল পেট্রোল উদ্ধারের দাবি করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড়ে মনোয়ারা আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ওই চেম্বারে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালায় জামালপুর সদর থানা পুলিশ। অভিযানের সময় চেম্বারটি তালাবদ্ধ থাকায় পুলিশ তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তল্লাশি চালায়।

পুলিশ জানায়, তল্লাশিতে দুটি পাইপগান, চার রাউন্ড গুলি, ছয়টি ককটেলসদৃশ বস্তু, দুই বোতল পেট্রোল এবং ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া আলামত জব্দ করে পরীক্ষার জন্য থানায় নেওয়া হয়েছে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র, গুলি, ককটেলসদৃশ বস্তু ও বিদেশি মদের বিষয়ে তদন্ত চলছে। এগুলো সেখানে কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, কারা মজুদ করেছে এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ সূত্র জানায়, উদ্ধার হওয়া ককটেলসদৃশ বস্তুগুলো পরীক্ষা করে সেগুলোর প্রকৃতি নিশ্চিত করা হবে। একই সঙ্গে অস্ত্রগুলোর উৎস, ব্যবহারের ইতিহাস এবং এগুলো কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

অভিযানে জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদ, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আব্দুল কাইয়ুমসহ পুলিশের একটি দল অংশ নেয়।

এ বিষয়ে অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনিরের বক্তব্য জানতে একাধিকবার তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যমুনা সার কারখানায় আওয়ামীপন্থি ১৬০ শ্রমিকের প্রবেশে বাধা

হত্যার পর বাবার মোবাইল থেকে মেয়েকে ফোন

গৌরীপুরে পুকুরে ডুবে একসঙ্গে দুই বোনের মৃত্যু

জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ মিছিল

ময়মনসিংহে যুবকের গলাকাটা লাশ উদ্ধার, আটক ২

নকলায় ডোবা থেকে মহিলার লাশ উদ্ধার

বই আর চায়ের কেতলি হাতে জিহাদের জীবনসংগ্রাম

ফুলবাড়ীয়ায় তীব্র গরমে লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

৯ বছর ধরে বন্ধ শিক্ষা কার্যক্রম, তবুও মিলছে বেতন-ভাতা

ভালুকায় অল্প বেতনে খাটছে শিশু শ্রমিক