নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অশ্লীল ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে প্রচারের অভিযোগে এক নারীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের শিবপুর এলাকায় ‘টাঙ্গাইল’ নামে একটি ফিশারিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার শিবপুর গ্রামের সাদির আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩০), তোতা মিয়ার ছেলে মো. শুভ (২০), দুলু মিয়ার ছেলে সাগর মিয়া (২০), জুয়েল মিয়া (৩২), মাজিজুল (২৫), মেঘশিমুল গ্রামের মৃত আমজত আলীর ছেলে হাবিবুর রহমান হাবি (৪০), শিবপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে কাজল মিয়া (২০) এবং সালমাকান্দা গ্রামের আব্দুল গফুরের মেয়ে মোছা. মনিরা আক্তার (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে শিবপুর এলাকার ওই ফিশারিতে নারী এনে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ধারণ করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে সাতজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়। তবে আরও দুই নারীসহ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন।
আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১০টি স্মার্টফোন জব্দ করা হয়। প্রাথমিকভাবে জব্দ করা ফোনগুলো পর্যালোচনা করে ২০২৫ সাল থেকে ২ জুলাই ২০২৬ পর্যন্ত সময়ের শতাধিক অশ্লীল ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে শুক্রবার অভিযুক্তদের আদালতে পাঠানো হবে। পাশাপাশি পলাতক অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, পূর্বধলা উপজেলায় অশ্লীল ভিডিও তৈরির সঙ্গে জড়িত আরও কয়েকটি চক্র সক্রিয় রয়েছে। এসব চক্র শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলবে।
এমএইচ