ময়মনসিংহের ত্রিশাল ও ভালুকা শিল্পাঞ্চল এলাকায় গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের চাহিদা মোতাবেক মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিট থেকে বিজিবির অতিরিক্ত সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেন।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) উপ-অধিনায়ক মেজর আশিক ইকবাল জানান, শিল্পাঞ্চলের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলার লক্ষ্যে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন।
শিল্প পুলিশ-৫, ময়মনসিংহের পুলিশ সুপার আনছার উদ্দিন জানান, ময়মনসিংহে প্রায় ২৯৬টি কলকারখানা রয়েছে। এখন পর্যন্ত শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে শিল্প পুলিশের সদস্যরা পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ আমার দেশকে জানান, সোমবার রাতে জেলা প্রশাসনের চাহিদার পরিপ্রেক্ষিতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি আরো জানান, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি করা হচ্ছে। শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন এবং পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।