হোম > সারা দেশ > রাজশাহী

লাইনে দাঁড়িয়েও মিলছে না সার, নলডাঙ্গায় ক্ষুব্ধ কৃষক

উপজেলা প্রতিনিধি, নলডাঙ্গা (নাটোর)

নাটোরের নলডাঙ্গায় চাহিদামতো সার না পেয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় কৃষকরা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও সার না পাওয়া, টোকেন বিতরণে অনিয়ম ও বিতরণ ব্যবস্থার অব্যवस्था নিয়ে উঠেছে নানা অভিযোগ। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিবাদ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয় সূত্র জানায়, নলডাঙ্গা উপজেলায় চলতি বোরো ও রবি মৌসুমে জমিতে সারের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ডিলারের দোকানে সার সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। ভোররাত থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত সার না পেয়ে অনেককেই খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে। এতে চাষাবাদ ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকদের মনে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও সার পাওয়া যাচ্ছে না। অথচ একটি অসাধু চক্র বিভিন্ন উপায়ে টোকেন সংগ্রহ করে লাইনের আগে গিয়ে সার তুলে নিচ্ছে। ফলে প্রকৃত কৃষকরা টোকেন হাতে নিয়েও কাঙ্ক্ষিত সার না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এমনকি জমি না থাকা সত্ত্বেও অনেকে ভ্যানভর্তি করে সার নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তারা।

কৃষকেরা জানান, জমিতে সার প্রয়োগের উপযুক্ত সময়ে সার না পাওয়ায় চাষাবাদ ব্যাহত হচ্ছে। সময়মতো সার দিতে না পারলে ফসলের কাঙ্ক্ষিত উৎপাদন ও ফলন নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে।

সার বিতরণকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে উপজেলা কৃষি অফিস ও নলডাঙ্গা থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে সার বিতরণের চেষ্টা চালানো হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কৃষকদের দাবি, সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। টোকেন বাণিজ্যের অনিয়ম বন্ধ করে জমির পরিমাণ ও প্রকৃত চাহিদা অনুযায়ী সারের সংস্থান করতে হবে। সঠিক তদারকির মাধ্যমে বিতরণ ব্যবস্থা নিয়ন্ত্রণের আহ্বান জানান তারা।

এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ আলী জানান, এলাকায় সারের কোনো সংকট নেই। কৃত্রিম সংকট যাতে তৈরি না হয় এবং ডিলাররা নিয়ম মেনে সার বিতরণ করেন, সে বিষয়টিতে তদারকি জোরদার করা হয়েছে। কৃষকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি জানান, পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় পর্যাপ্ত সার সরবরাহ করা হবে।

ফ্যাসিস্টরা বিপ্লব ও সংহতি দিবসকে আস্তাকুঁড়ে ফেলে দিতে চেয়েছিল

খালেদ মোশাররফ ১৫ আগস্ট ও ৭ নভেম্বরের খলনায়ক ছিলেন: বিদ্যুৎমন্ত্রী

ধুনটে পাঁচ কোটি টাকার সড়কের কাজ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের পরামর্শ বিদ্যুৎমন্ত্রীর

সিজারের পর যমজ নবজাতকের একটি ‘নিখোঁজ’

আত্মনির্ভরশীলতা গড়তে ভূমিকা রাখছে গার্ল গাইডস

ধুনটে বিএনপির এমপির গাড়িতে হামলা, আ.লীগ নেতা গ্রেপ্তার

পদ্মা সেতু হয়ে প্রথমবার রূপপুরে এলো ইউরেনিয়াম

সাফল্য দেখার আগেই সন্তানসহ চলে গেলেন সুমাইয়া

বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি