হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে ছিনতাইকারীদের ধাক্কায় প্রাণ গেল ট্রেনযাত্রীর, আটক ৪

উপজেলা প্রতিনিধি, লালপুর (নাটোর)

ট্রেনের ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলার অভিযোগে আটক ব্যক্তিরা। ছবি: আমার দেশ

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন মনোয়ারুল ইসলাম ওরফে মনোয়ার (২৭)। কিন্তু বাড়ি ফেরা হলো না তার। অভিযোগ, ট্রেনের ছাদে থাকা অবস্থায় একদল ছিনতাইকারী তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। পরে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশনে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মো. আকাশ (২৩), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মোরদহ গ্রামের মৃত মোজাফফরের ছেলে মো. আব্দুর রহিম (৩০), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা মো. আব্দুল্লাহর ছেলে মো. রাব্বি ওরফে হৃদয় (২০) এবং নারায়ণগঞ্জের ১৬ বছর বয়সি এক কিশোরী।

নিহত মনোয়ারুল ইসলাম পাবনা জেলার টেবুনিয়া এলাকার ঘরনাগড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের নওশেরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের কনস্টেবল আব্দুস সালাম স্টেশনে চা পান করতে গেলে স্থানীয় লোকজন চারজনের সন্দেহজনক চলাফেরা সম্পর্কে তাকে জানান। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে সন্তোষজনক উত্তর দিতে না পারায় কনস্টেবল আব্দুস সালাম স্থানীয় লোকজনের সহযোগিতায় কৌশলে তাদের আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রে নিয়ে যান।

এ সময় আটক আকাশের কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে ফোনটি চোরাই বলে স্বীকার করে এবং মনোয়ারুল ইসলামের কাছ থেকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ট্রেনের ছাদে মোবাইল ছিনতাই করে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কথা জানায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পরে উদ্ধার করা মোবাইল ফোনে সংরক্ষিত নম্বরের সূত্র ধরে আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ তাহের আলী নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে মনোয়ারের বাবা নওশের আব্দুলপুরে এসে মোবাইল ফোনটি তার ছেলের বলে শনাক্ত করেন।

এরই মধ্যে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় এক ব্যক্তির লাশ উদ্ধারের খবর পাওয়া যায়। বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে থানাকে জানানো হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আটক চারজনকে আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্র থেকে ঈশ্বরদী রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ঘটেছে। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানান পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।

বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার আ.লীগ নেতা

নতুন আলুর মৌসুম দুয়ারে, হিমাগারে পুরোনো পুঁজি

রাজশাহীতে ছাত্রলীগ নেতা আটককে ঘিরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

সিরাজগঞ্জে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর বাসায় বিএনপির আগুন

টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক

ধুনটে নাশকতার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

সিঁধ কেটে নারীকে হত্যা

রাজশাহীর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা