পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে জ্বালানিবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এ নিয়ে কেন্দ্রটির প্রথম ও দ্বিতীয় ইউনিটের জন্য মোট নয়টি চালানে ইউরেনিয়াম পৌঁছেছে।
বৃহস্পতিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে লরিগুলো রূপপুরের উদ্দেশে রওনা হয়। সেনাবাহিনীর পাহারায় যমুনা সেতু, বনপাড়া ও দাশুড়িয়া হয়ে শুক্রবার ভোরে সেগুলো প্রকল্প এলাকায় পৌঁছায়। পরিবহনের পথে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জ্বালানি পরিবহনের সময় যানজট এড়াতে মহাসড়কে সাময়িকভাবে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল। বিশেষ নিরাপত্তাব্যবস্থা ও সতর্কতার মধ্য দিয়ে পুরো পরিবহন কার্যক্রম সম্পন্ন হয়।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গোতে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে জ্বালানি পুনঃস্থাপনের জন্য দুটি কার্গোতে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা ছিল। শুক্রবার নবম চালান পৌঁছানোর মধ্য দিয়ে দ্বিতীয় ইউনিটের জন্য নির্ধারিত ইউরেনিয়াম সরবরাহের দ্বিতীয় ধাপ শেষ হয়েছে।
এর আগে ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান দেশে আসে। ওই বছরের অক্টোবর ও নভেম্বর মাসে আরও চারটি চালানে জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়।
চলতি বছরের মে মাসে প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে জ্বালানি স্থাপনের কাজ শেষ হয়। তবে নিয়ম অনুযায়ী, প্রায় দেড় বছর পর ব্যবহৃত জ্বালানির এক-চতুর্থাংশ পরিবর্তন করতে হবে। এ লক্ষ্যে গত ৩ অক্টোবর প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানির একটি চালান আনা হয়। সর্বশেষ শুক্রবার (২৭ নভেম্বর) দ্বিতীয় ইউনিটের অষ্টম চালানের জ্বালানি প্রকল্প এলাকায় পৌঁছায়।
চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর রাশিয়া রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক জ্বালানি সরবরাহ করবে। পরবর্তী সময়ে নির্ধারিত বিরতিতে জ্বালানি পরিবর্তনের জন্য বাংলাদেশকে তা আমদানি করতে হবে। কেন্দ্রটির দুটি ইউনিট চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে।
এদিকে, রূপপুরের প্রথম ইউনিট ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো টানা সাড়ে আট ঘণ্টা গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে ইউনিটটি। ওই সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। পরে ২৩ নভেম্বর দ্বিতীয় দফায় টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়। দুই দফায় প্রায় ৯ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে বলে প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার আগে আরও কয়েক ধাপে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক মাস সময় লাগতে পারে। একই সঙ্গে দ্বিতীয় ইউনিটের নির্মাণ ও কমিশনিং কার্যক্রমও এগিয়ে চলছে। এরই মধ্যে ইউনিটটির জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি সরবরাহের কাজ শেষ হয়েছে।