মাঠজুড়ে সোনালি আমন ধান। কোথাও ধান পেকে নুয়ে পড়েছে, কোথাও কেবল কাটার অপেক্ষা। কোথাও আবার ধান কেটে রাখা হয়েছে পাড়নে। আগাম ভালো দামের আশায় মাঠে মাঠে বোনা হয়েছিল সরিষা, আলু ও পেঁয়াজের বীজও। নতুন ফসল নিয়ে কৃষকের চোখেমুখে ছিল স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নে হঠাৎ আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে হওয়া অকাল বৃষ্টি।
দুই দিনের বৃষ্টিতে তছনছ হয়ে গেছে রাজশাহীর গোদাগাড়ীর অনেক কৃষকের ফসলের হিসাব। জমিতে হেলে পড়েছে পাকা ধান, পানিতে ভিজে নষ্ট হয়েছে কাটা ধান, ক্ষতিগ্রস্ত হয়েছে সদ্য বোনা রবি শস্যের বীজ। আগাম ফসলের ভালো দাম পাওয়ার প্রত্যাশা এখন রূপ নিয়েছে লোকসানের শঙ্কায়।
হেমন্তের শেষ সময়ে বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা সাধারণত আমন ধান ঘরে তোলার পাশাপাশি রবি শস্যের আবাদ নিয়ে ব্যস্ত থাকেন। নভেম্বর মাসকে তাঁরা শুষ্ক মৌসুম হিসেবেই জানেন।
এ সময় দ্রুত ফসল তুলে বাজারে ভালো দাম পাওয়া এবং পরবর্তী মৌসুমের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা থাকে তাঁদের। কিন্তু এবারের অপ্রত্যাশিত বৃষ্টি সেই পরিকল্পনায় বড় ধাক্কা দিয়েছে। কৃষকদের কাছে এ বৃষ্টি যেন বিনা মেঘে বজ্রপাত।
তবে প্রকৃতির বিরূপ আচরণে বিপর্যস্ত হলেও হাল ছাড়েননি কৃষকেরা। বৃষ্টি থেমে আকাশে রোদ উঠতেই আবার মাঠে নেমেছেন তাঁরা। জমে থাকা পানি সরানো, ভেজা ধান কেটে উঁচু জায়গায় নেওয়া, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। শ্রমিক সংকট থাকায় পরিবারের সদস্যরাও ধান কাটা ও মাড়াইয়ে হাত লাগাচ্ছেন। কোথাও কোথাও দ্রুত ফসল ঘরে তুলতে ব্যবহার করা হচ্ছে আধুনিক ধান কাটার যন্ত্র। তাঁদের এখন একটাই চেষ্টা—আর কোনো দুর্যোগ আসার আগেই যতটুকু সম্ভব ফসল রক্ষা করা।
গোদাগাড়ী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার নয়টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ২৩ হাজার ৭৬২ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ২৫ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলেছেন কৃষকেরা। বাকি জমির ধান এখনো মাঠে রয়েছে। কাটা ধানের একটি অংশও বিভিন্ন জমিতে পড়ে আছে।
চলতি মৌসুমে উপজেলায় ৩০ হাজার হেক্টর জমিতে রবি শস্য আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃষ্টির আগেই প্রায় ১৪ হাজার হেক্টর জমিতে গম, সরিষাসহ বিভিন্ন রবি শস্যের বীজ বপন করা হয়েছিল। বৃষ্টিতে এসব জমির অনেক ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। এখনো প্রায় ১৬ হাজার হেক্টর জমিতে রবি শস্যের আবাদ বাকি রয়েছে।
উপজেলার বেজড়া গ্রামের কৃষক সৈয়বুর রহমানেরও সেই ক্ষতির অভিজ্ঞতা হয়েছে। তিনি বলেন, ‘কয়েক দিন আগে দুই বিঘা জমিতে সরিষা বুনেছিলাম। অসময়ের বৃষ্টিতে সব বীজ নষ্ট হয়ে গেছে। এখন আবার বীজ বপন করতে হবে। কিন্তু সারের সংকট ও বাড়তি খরচের কারণে নতুন করে আবাদ করা নিয়ে চিন্তায় আছি।’
উপজেলার জলহর এলাকার কৃষক আলাউদ্দিন বলেন, জমিতে কেটা ধান পানিতে ভিজে নিচে স্যাঁতসেঁতে মাটিতে ধান গেজে যাওয়ায় ধান উল্টিয়ে নিচের ভেজা অংশে রোদ ও বাতাস লাগে, ফলে অঙ্কুরোদগম হাত থেকে রক্ষায় ধান উল্টিয়ে শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি।
মহিশালবাড়ী গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘কৃষকদের ক্ষতি কমাতে স্থানীয় পর্যায়ে নির্ভুল আবহাওয়ার পূর্বাভাস পৌঁছে দেওয়ার ব্যবস্থা জোরদার করতে হবে। আগাম সতর্কবার্তা পেলে শেষ মুহূর্তেও দ্রুত ধান কাটা কিংবা ফসল রক্ষার সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতো। এতে ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমানো যেত।’
উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ বলেন, বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। ক্ষয়ক্ষতি নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তারাও কৃষকদের পাশে রয়েছেন। পাকা ধান দ্রুত কেটে ফেলা, মাড়াইয়ের পর ভালোভাবে রোদে শুকিয়ে সংরক্ষণ করা এবং সরিষা, আলু ও শীতকালীন সবজি আবাদে বিলম্ব না করার পরামর্শ দেওয়া হচ্ছে।