নিখোঁজের দুই দিন পর নাটোরের বড়াইগ্রাম উপজেলার একটি ধানক্ষেত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী হৃদয় আলীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর বিলের একটি ধানক্ষেত থেকে স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মী জাফর আলীসহ কয়েকজন তাকে উদ্ধার করেন।
উদ্ধারের পর শ্বাসকষ্ট ও শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশের সহায়তায় তাকে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উদ্ধার হওয়া মো. হৃদয় আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী। তিনি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার জওগাঁও গ্রামের নুর ইসলামের ছেলে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার ‘মণ্ডল ম্যানশন’ মেসে থাকতেন তিনি।
নিখোঁজের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হওয়ার পর থেকে হৃদয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পরদিন শুক্রবার রাজশাহীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্তের একপর্যায়ে পুলিশ তার মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান রাজশাহী শহরের শিরোইল কলোনি এলাকায় শনাক্ত করে।
এদিকে শনিবার দুপুর ১২টার দিকে বড়াইগ্রামের গোপালপুর ইউনিয়নের শিবপুর বিলের একটি ধানক্ষেতে হৃদয়কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মী জাফর আলীসহ কয়েকজন তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. মো. ফরিদুল ইসলাম ও প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত বনপাড়া আমিনা হাসপাতালে পৌঁছান। সেখানে তারা চিকিৎসকদের কাছ থেকে হৃদয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, ওই শিক্ষার্থী এখনো কথা বলতে পারছেন না। ফলে কীভাবে তিনি বড়াইগ্রামে এলেন, তা জানা সম্ভব হয়নি। রাজশাহীর মতিহার থানা ও বড়াইগ্রাম থানা পুলিশ যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে। তিনি সুস্থ হয়ে উঠলে বিস্তারিত জেনে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।