ঈদে বাড়ি ফেরা হলো না রাজমিস্ত্রী কাদেরের
পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন রাজমিস্ত্রী আ. কাদের (৩১)। কিন্তু প্রিয়জনদের কাছে ফেরা আর হলো না তার। পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হওয়ার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে নাটোরের লালপুর-রাজশাহী আঞ্চলিক সড়কের মাধবপুর পাকা রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আ. কাদের উপজেলার গন্ডবিল গ্রামের আসাদুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ঢাকায় কাজ করতেন কাদের। ঈদুল আজহার ছুটি উপলক্ষে পরিবারের কাছে ফিরছিলেন তিনি। ঢাকা থেকে বাড়ি ফেরার পথে একটি অটোচার্জার গাড়িতে যাত্রী হিসেবে আসছিলেন। পথিমধ্যে মাধবপুর মোড় এলাকায় রাস্তার বাঁকে গাড়িটি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটো থেকে তিনি ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রাথমিক তদন্ত করেন লালপুর থানার এসআই মিজানুর খোন্দকার।
লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ প্রকাশ না করায় আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তরের জন্য বলা হয়েছে ।
এমএইচ