রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় শিবিরের নেতৃবৃন্দ বলেন, ভর্তি পরীক্ষার অজুহাতে রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। ভর্তি পরীক্ষার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ভর্তি পরীক্ষা এবং রাকসু নির্বাচনের জন্য আলাদা কমিটি কাজ করে। তাই পরীক্ষার অজুহাতে রাকসু নির্বাচন কোনোভাবেই পেছানো যাবে না। তারা দ্রুত সময়ের মধ্যে রাকসু নির্বাচন এবং দীর্ঘদিন ধরে অকার্যকর থাকা সিনেট চালুর দাবি জানান।
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান বলেন, ১৯৯০ সালে স্বৈরাচার পতনের পর বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রশাসন ও সংশ্লিষ্ট মহল ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, অনতিবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৮তম রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।
এ সময় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, বিগত রাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল রাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা, যেন কোনো অপশক্তি বা প্রশাসন রাকসু নির্বাচন বন্ধ করতে না পারে। নির্বাচিত প্রতিনিধিরা এ বিষয়ে বারবার এজেন্ডাভুক্ত করে আলোচনা করার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের প্রস্তাবগুলো আমলে নেয়নি। এ বিষয়ে যে কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি আর কোনো কার্যক্রম পরিচালনা করেনি। এমনকি রাকসু প্রশাসন অফিস থেকে প্রস্তুতিমূলক যে ফাইল উপাচার্যের দপ্তরে পাঠানো হয়েছিল, আজ পর্যন্ত সেই ফাইলের কোনো অগ্রগতি আমরা লক্ষ করিনি।
তিনি আরো বলেন, রাকসুর মেয়াদ শেষ হওয়ার এক মাস আগেই গত ২৫ আগস্ট আমরা সংবাদ সম্মেলন করে পাঁচ দফা দাবি উপস্থাপন করেছিলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে সেই দাবিসংবলিত স্মারকলিপিও দিয়েছিলাম। এরপর দফায় দফায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বসার চেষ্টা করেছি ও নির্বাচনের অগ্রগতি জানতে চেয়েছি। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো অগ্রগতি লক্ষ করিনি।
এমই