চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জে আদিবাসীসহ ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও আসন্ন নির্বাচনে সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগে কার্যকর পদক্ষেপ নিয়ে নিরাপত্তা নিশ্চিত করাসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে ।
শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম।
লিখিত বক্তব্যে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক প্রভাত টুডু বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে নানাভাবে বৈষম্য, ভীতি, নিপীড়ন ও সহিংসতার শিকার হয়ে আসছে।
নির্বাচন এলেই এই জনগোষ্ঠীর মানুষ আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে তাদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়, হুমকি দেওয়া হয়, কখনো কখনো ভোটাধিকার থেকে জোরপূর্বক বঞ্চিত করা হয়। এটি শুধু একটি মানবাধিকার লঙ্ঘন নয়, বরং সংবিধান পরিপন্থি এবং গণতন্ত্রের জন্য চরম হুমকি।
উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের রাজশাহী মহানগর শাখার সভাপতি সুমি মুরমু বলেন, নির্বাচন-পূর্ব ও পরবর্তী সময়ে আদিবাসী ও সংখ্যালঘুবিরোধী সহিংসতা প্রতিরোধে রাষ্ট্র তথা সেনা, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগাম ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচন কমিশনকে আরও সক্রিয়, নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের ভয়ভীতি, হুমকি বা প্রভাব বিস্তারের অভিযোগ পেলে তাৎক্ষণিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করতে হবে।
সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক দল তাদের অঙ্গীকার নির্বাচনি ইশতেহারে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর ভোটারদের সচেতনতা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে।
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে প্রায় ৮০ হাজার ভোটার নির্বাচন ঘিরে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান আদিবাসী নেতারা। তারা আদিবাসী এলাকায় টহল জোরদারের দাবি জানান।