হোম > সারা দেশ > রাজশাহী

বিলুপ্তির পথে রাজশাহীর শতবছরের ঐতিহ্য বাহারি রঙের শখের হাঁড়ি

২৪ পদকের গৌরব, তবু টিকে থাকার লড়াই

এম শামীম, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বসন্তপুর গ্রামের পাল বংশের কারিগর সুশান্ত কুমার পালের হাত ধরে শত বছরের ঐতিহ্য বহন করছে শখের হাঁড়ি। বাহারি রঙ, সূক্ষ্ম নকশা আর নিখুঁত কারুকাজে তৈরি এই হাঁড়ি একসময় মেলা মাতিয়েছে, কুড়িয়েছে দেশ-বিদেশের প্রশংসা। কিন্তু স্বর্ণপদকসহ ২৪টি পদক পাওয়া সেই হাঁড়ি আজ বিলুপ্তির শঙ্কায়।

শৈশবে বাবা ভোলানাথ পালের হাত ধরে হাঁড়ি তৈরিতে হাতেখড়ি হয় সুশান্তের। বাবার স্বপ্ন ছিল—একদিন বিশ্বজুড়ে সমাদৃত হবে তাদের শিল্পকর্ম। সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস পরিশ্রম করেছেন তিনি। ফলও পেয়েছেন—১৮টি দক্ষ কারিগর পুরস্কার, ৪টি শ্রেষ্ঠ কারুশিল্প পুরস্কার, ১টি স্বর্ণপদক এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন আজীবন সম্মাননা।

এছাড়া বাংলাদেশ কারুশিল্প পরিষদ, লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, জাতীয় জাদুঘর, কারিকা বাংলাদেশ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৩২টি সনদ অর্জন করেছেন তিনি। শখের হাঁড়ির গল্প স্থান পেয়েছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যবইয়েও। এমনকি জাপানে দেশের কারুশিল্পের প্রতিনিধিত্ব করে প্রশংসা কুড়িয়েছেন সুশান্ত। তবে সম্মাননা আর পদকের ঝুলি ভারী হলেও জীবনযুদ্ধে সচ্ছলতা আসেনি।

মূলত বৈশাখীমেলা, বাণিজ্যমেলা, রথের মেলা, কুঠির শিল্প মেলাসহ নানাবিধ মেলায় এ হাঁড়ি বিক্রির প্রধান মাধ্যম। রাজশাহীর স্থানীয় পর্যায়ে তেমন চাহিদা না থাকলেও ঢাকাসহ অন্যান্য মেলাতে বেশ চাহিদা ছিল হাঁড়িগুলোর। তবে করোনা মহামারির পর থেকে দেশের মেলাগুলো কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিক্রি কমে গেছে আশঙ্কাজনকভাবে।

দুই বছর ধরে স্টল ভাড়া বকেয়া এমনকি খাওয়ার টাকার ব্যবসাও হচ্ছে না দাবি করে এই গুণী শিল্পী আমার দেশকে বলেন, পরিবার নিয়ে চরম দুর্দশায় জীবন কাটছে আমার। করোনা আসার পর থেকে আমরা বিলুপ্তির পথে চলে যাচ্ছি। প্রচুর মাল আছে, বেচাকেনা নেই। শখের হাঁড়ি নিয়ে দেশের প্রায় সব মিডিয়াতে রিপোর্ট হয়েছে। এমনকি বিটিভিতেও রিপোর্ট হয়েছে। বইয়ের পাতায়ও নাম এসেছে। কিন্তু আসেনি সচ্ছলতা। সবাই হাঁড়ি নিয়ে ভাবলেও আমাদের পেটে ভাত জোটে না, এটা কেউ ভাবে না। যা বিক্রি হয় তাতে খাবারের টাকাও হয় না।

নাম পেলেও সচ্ছলতা আসেনি মন্তব্য করে তিনি বলেন, নামের দিক দিয়ে যা চেয়েছি তার থেকেও অনেক বেশি পেয়েছি। কিন্তু আমার প্রজন্ম হুমকির মুখে। আক্ষেপ করে তিনি বলেন, না পারছি ছেড়ে দিতে না পারছি কাজ চালিয়ে যেতে। এভাবে চলতে থাকলে বিলুপ্তির পথেই যাবে শখের হাঁড়ি।

পোড়ামাটির শিল্পের অস্তিত্ব হারাতে বসেছে জানিয়ে সুশান্ত বলেন, একসময় রাজশাহীতে সাড়ে চার হাজারের বেশি কারিগর এই পোড়ামাটির শিল্পে যুক্ত ছিলেন। বর্তমানে গুটিকয়েক ছাড়া প্রায় সবাই পেশা বদলেছেন। প্লাস্টিক ও স্টিলের সহজলভ্য পণ্যের ভিড়ে মাটির হাঁড়ি-কলসি, বদনা, গুড়ের হাঁড়ি, মুড়ির হাঁড়ির চাহিদা কমেছে ব্যাপকভাবে। ফলে অস্তিত্ব সংকটে পড়েছে এই শিল্প।

প্রকৃত কারুশিল্পীরা অবহেলিত অভিযোগ করে তিনি বলেন, কারুশিল্প ফাউন্ডেশনের স্টলগুলোতে কারুশিল্পীর নামে অনেকেই বিভিন্ন জায়গা থেকে হাজার রকম জিনিস কিনে এনে বিক্রি করে। এসব বিক্রেতা নিজেরা ফুলেফেপে উঠলেও প্রকৃত কারুশিল্পীরা অবহেলিত।

শখের হাঁড়ির উত্থানের কথা বলতে গিয়ে সুশান্ত বলেন, রাজশাহীর বাইরে এ হাঁড়ির জনপ্রিয়তা পেতে ভূমিকা রাখেন রাজশাহী বিসিকের নকশাবিদ আলাউদ্দিন। তিনি হাঁড়িগুলো পছন্দ করতেন। ঢাকার বিজয় সরণিতে এক মেলায় পণ্যটির প্রদর্শনী ও বিক্রির সুযোগ করে দেন। সেখানে ব্যাপক বিক্রির পাশাপাশি মেলে বেশ জনপ্রিয়তা। সেই থেকে শুরু হয় গ্রামবাংলা থেকে ঢাকায় উঠে আসা শখের হাঁড়ির সুদিন। এ সময় শাহবাগ জাতীয় জাদুঘর, লোক কারুশিল্প জাদুঘরে, চারুকলা বিভাগে, বাংলা একাডেমি, চীন-মৈত্রী সম্মেলনসহ বিভিন্ন জায়গায় মেলাতে অংশগ্রহণ করতেন বলে জানান সুশান্ত।

সুশান্ত জানান, কেবল দেশে নয়, দেশের বাইরেও পৌঁছেছে শখের হাঁড়ি। সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে জাপানেও জনপ্রিয়তা পেয়েছে হাঁড়িটি। প্রবাসী বাঙালিদের আয়োজনে এক অনুষ্ঠানে উপস্থিতি ও গণমাধ্যমের কাছে পান নৈপুণ্যেখচিত সেরা নকশিহাঁড়ির উপাধি।

সমৃদ্ধ এ পণ্যটি ধরে রাখতে চান সুশান্ত। এজন্য শখের হাঁড়ির প্রধান এ কারিগর নিজের দুই ছেলে সঞ্জয় ও মৃত্যুঞ্জয়, মেয়ে সুচিত্রা এবং পুত্রবধূদেরও এই শিল্পে দক্ষ করে তুলেছেন সুশান্ত। তবু ভবিষ্যৎ নিয়ে শঙ্কা কাটছে না তার।

সুশান্তের বিশ্বাস, সঠিক ব্যবস্থাপনা, আধুনিক বিপণন ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে রাজশাহীর এই ঐতিহ্যবাহী শখের হাঁড়ি আবারও দেশ-বিদেশে সমাদৃত হতে পারে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।

ইফতারে কদর বেড়েছে বগুড়ার টকদইয়ের

আলুর দাম ৮ টাকা, ন্যায্যমূল্যের অপেক্ষায় কৃষক

বাংলাকে যদি ধারণ করতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না

হারানো ১২৬টি মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ

নওগাঁয় ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

অতিথি পাখির কলতানে মুখর সাপাহার জবই বিল

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাজশাহীতে অমর একুশে বইমেলা শুরু

মোবাইল ব্যবহার নিয়ে বিরোধ, গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

নওগাঁয় রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রি শুরু