বগুড়ার ধুনটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় নজরুল ইসলাম রকি (৪০) নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে ধুনট থানা থেকে বগুড়া আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সোমবার বিকেলে শেরপুর উপজেলার ধুনটমোড় এলাকা থেকে নজরুল ইসলাম রকিকে গ্রেপ্তার করা হয়। তিনি ধুনট পৌর এলাকার চরধুনট গ্রামের দুদু শেখের ছেলে এবং ধুনট উপজেলা শ্রমিক লীগের সদস্য।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি চলাকালে রাত সাড়ে ১১টার দিকে ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি কার্যালয়ের সামনের সড়কে বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় গত ২২ নভেম্বর রাতে ধুনট পৌর ছাত্রদলের সদস্যসচিব শেখ জাকারিয়া বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসিফ ইকবাল সনি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এজিএম বাদশাহসহ ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে নজরুল ইসলাম রকিকে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।