হোম > সারা দেশ > রাজশাহী

চলনবিলে ‘সাদা সোনা’ চাষে ব্যস্ত কৃষক

রহমত আলী, গুরুদাসপুর (নাটোর)

ছবি: আমার দেশ

বর্ষার পানি নামার সঙ্গে সঙ্গে নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলাজুড়ে বিস্তৃত চলনবিল অঞ্চলে শুরু হয়েছে ‘সাদা সোনা’ খ্যাত রসুন চাষের ভরা মৌসুম। বিলের প্রাণকেন্দ্র নাটোরের গুরুদাসপুর উপজেলার বিস্তীর্ণ ফসলি মাঠে এখন বিনা হালে রসুন লাগানোর ধুম পড়েছে। রসুনের পাশাপাশি সাথী ফসল হিসেবে পেঁয়াজ, বাঙ্গি, তরমুজ, ক্ষীরা ও মিষ্টিকুমড়ার আবাদ করছেন কৃষকরা। তবে উৎপাদন মৌসুমের শুরুতেই চাহিদামতো সার না পাওয়া এবং বাড়তি দামে সার কিনতে বাধ্য হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় চাষিরা।

উপজেলার পৌর সদরসহ নাজিরপুর, বিয়াঘাট, খুবজীপুর, মশিন্দা, ধারাবারিষা, উদবারিয়া, চরকাদহ, সোনাবাজু ও চাপিলা মাঠ ঘুরে দেখা গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাদামাটিতে রসুনের কোয়া রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। পুরুষের পাশাপাশি নারী সদস্যরাও বীজ ছাড়ানো ও রোপণের কাজে সমানতালে অংশ নিচ্ছেন। রোদ থেকে রক্ষা করতে রোপণ করা বীজের ওপর ধানের খড় ও কচুরিপানা বিছিয়ে দেওয়া হচ্ছে। মালচিং পদ্ধতির এই খড় ও কচুরিপানা পচে জমিতে জৈব সার তৈরি করে মাটির উর্বরতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের মোট উৎপাদিত রসুনের প্রায় দুই-তৃতীয়াংশই চলনবিলের পলিপড়া জমিতে উৎপাদিত হয়। কিন্তু কৃষকদের অভিযোগ, প্রয়োজনের সময় ডিলারদের কাছে ঘুরেও চাহিদামতো ডিএপি, ইউরিয়া, টিএসপি ও এমওপি সার মিলছে না। লাইনে দাঁড়িয়েও সার না পেয়ে বাধ্য হয়ে খুচরা দোকান থেকে বস্তাপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দামে সার কিনতে হচ্ছে।

স্থানীয় কৃষক সিদ্দিকুর রহমান, জবতুল্লাহ, কাওসার হোসেন ও রুহুল আমিন জানান, বর্তমানে প্রতি মণ রসুন ৪০০০ টাকায় বিক্রি হচ্ছে। এক বিঘা জমি লিজ নিতে ২৫ থেকে ৩০ হাজার টাকা, সাড়ে তিন মণ বীজ এবং চুক্তিতে শ্রমিক বাবদ আট থেকে ৯ হাজার টাকা খরচ হচ্ছে। দিনমজুরি হিসেবে পুরুষ শ্রমিক ৮০০ টাকা ও নারী শ্রমিক ৫০০ টাকা নিচ্ছেন। এর ওপর অতিরিক্ত দামে সার ক্রয় করতে উৎপাদন খরচ বহুগুণ বেড়ে যাচ্ছে। অন্যদিকে কৃষক জালাল উদ্দিন ও মনিরুল ইসলাম জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সদ্য রোপণ করা রসুন ও পেঁয়াজ বীজের ব্যাপক ক্ষতি হয়েছে।

তবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দাবি করেছে, গুরুদাসপুরে সারের কোনো ঘাটতি নেই এবং চাহিদামতো শতভাগ বরাদ্দ পাওয়া গেছে। বিসিআইসি অনুমোদিত ডিলারদের মাধ্যমে নিয়ম অনুযায়ী সার বিক্রি করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলাম জানান, চলতি মৌসুমে গুরুদাসপুরে ৭৩৭৫ হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমন ধান কাটার পর অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত বিনা হালে ও মালচিং পদ্ধতিতে এই আবাদ চলবে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রসুন চাষের সম্ভাবনা রয়েছে এবং কৃষি বিভাগ থেকে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।

গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল

বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে পেলেন মাত্র একজন ছাত্রী

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত নুরুল রাজশাহীতে আটক

ভাঙ্গুড়ায় শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও শিক্ষা বৃত্তি প্রদান

গোদাগাড়ীতে বৃষ্টির ক্ষতি কাটাতে কৃষকদের মাঠে লড়াই

১৭ বছর পর সান্তাহার কারিগরি কলেজে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি: এমপি মোশাররফ

সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল দুজনের

বগুড়ায় বিএনপি অফিসে আগুন

আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ