নাটোরের বাগাতিপাড়ায় নিজ বাড়ি থেকে আ.লী নেতা কায়সার ওয়াদুদ বাবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মল্লিকপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার কায়সার ওয়াদুদ বাবর (৪৯) বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক। তিনি বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলার মল্লিকপুর গ্রামের আকছেদ আলীর ছেলে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস জানান, গত ১৫ নভেম্বর দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধিত বিধানের ৬(২)(আ), ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে। বুধবার তাকে নাটোর আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়। বাগাতিপাড়া থানা এলাকায় নাশকতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।