হোম > সারা দেশ > রংপুর

জ্বালানি তেলের সংকট, বোতল নিয়ে পাম্পের সামনে লাইন

ড্রামে ভরে ইটভাটায় মজুতের অভিযোগ

বাদশাহ ওসমানী, রংপুর

সারা দেশের মতো রংপুরেও জ্বালানি তেলের সংকট চলছে। পাম্পগুলোতে তেল নিতে দীর্ঘ লাইন দেখা গেছে মোটরসাইকেলসহ অন্য যানবাহনের চালকদের। পাশাপাশি জারিকেন ও বোতল নিয়েও অনেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন। ক্রেতাদের সামলাতে হিমশিম খাচ্ছেন পাম্প মালিক, শ্রমিক এবং প্রশাসনের নিয়োগ দেওয়া ব্যক্তিরা। জেলার বিভিন্ন পাম্প ঘুরে এ চিত্র দেখা গেছে।

এদিকে, তেলের সংকটের জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ভোক্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে তেল বিক্রি করা হচ্ছে খোলাবাজারে। এছাড়া ইটভাটাগুলোতে ড্রামে ভরে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রাখা হয়েছে। সেখানে অভিযান চালালেই হাজার হাজার ড্রাম পাওয়া যাবে।

নাম প্রকাশ না করার শর্তে তেলের পাম্পে কর্মরত একাধিক শ্রমিক আমার দেশকে বলেন, একটি মহল কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার পাঁয়তারা করছে। অনেক তেল পাম্পের মালিক তাদের নিজস্ব ইটভাটা এবং অন্যান্য ভাটা মালিকের সঙ্গে যোগসাজশে হাজার হাজার লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল ভাটায় মজুত করে রেখেছেন। সেখান থেকে কালোবাজারে বেশি দামে বিক্রি করা হচ্ছে। প্রশাসন ভাটাগুলোয় অভিযান পরিচালনা করলেই জ্বালানি তেলভর্তি শত শত ড্রাম বেরিয়ে আসবে বলে তারা দাবি করেন।

পাম্পে জ্বালানি তেল কিনতে আসা কয়েকজন বলেন, ইরান-আমেরিকা যুদ্ধকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে পাম্প মালিকেরা বেশি লাভের আশায় তেল মজুত করে বাজারে সংকট সৃষ্টি করেছেন। বেশি টাকা দিলে খোলাবাজারে ঠিকই জ্বালানি তেল মিলছে।

জেলার বিভিন্ন উপজেলাসহ নগরীর শাপলা চত্বর, চারতালা মোড়, মডার্ন মোড়, টার্মিনাল ও ব্যাংকের মোড় ঘুরে দেখা যায়, তেল নিতে পাম্পের সামনে মোটরসাইকেলের দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না তারা।

কথা হয় বাংলাদেশ ব্যাংকের মোড়ে সিটি ফিলিং স্টেশনে তেল নিতে আসা বাইকচালক আবির হায়দারের সঙ্গে। তিনি জানান, ঈদের পর থেকে শহরের বেশ কয়েকটি পাম্প বন্ধ ছিল। প্রশাসনের তৎপরতায় কয়েকটি পাম্পে অল্প পেট্রোল ও অকটেন দিচ্ছে। তবে বেশি টাকা দিলেই খোলাবাজারে মিলছে পর্যাপ্ত জ্বালানি তেল।

বদর বাবা পরিবহনের মালিক বাবুল শাহ আমার দেশকে বলেন, রংপুর-পার্বতীপুর রোডে বদর বাবা পরিবহন নামে আমার বেশ কয়েকটি যাত্রীবাহী বাস চলাচল করে। কিন্তু পাম্পগুলোতে পেট্রোল ও ডিজেল সরবরাহ ঠিকমতো না করায় গাড়ি চালাতে হিমশিম খেতে হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি, ডিপোগুলোতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে। কিন্তু সিন্ডিকেট করে একটি মহল সরকারকে বেকায়দায় ফেলতে সংকট দেখাচ্ছে।

পেট্রোল পাম্প মালিক সমিতির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ক্ষমতাসীন দলের অনেক নেতা পাম্পে ড্রাম নিয়ে এসে জোর করে ডিজেল ও অকটেন নিয়ে যাচ্ছেন। তারা এখন প্রকাশ্যে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করছেন। তিনি দাবি করেন, অনেক ইটভাটার মালিক ড্রামে ভরে ডিজেল ও পেট্রোল নিয়ে মজুত করে রেখেছেন। ভাটাগুলোতে অভিযান পরিচালনা করলে জ্বালানি তেলের ড্রাম হাজার হাজার পাওয়া যাবে।

রংপুর মোটর মালিক সমিতির সভাপতি রাজ মিয়া বলেন, পেট্রোল পাম্পগুলো মধ্যপ্রাচ্যের যুদ্ধের অজুহাত দেখিয়ে পরিবহনগুলোতে পর্যাপ্ত জ্বালানি তেল দেওয়া বন্ধ করে দিয়েছে। তবে পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ করায় অনেক ক্ষেত্রে পরিবহন মালিকদের সুবিধা হয়েছে।

শাহ ফিলিং স্টেশনের মালিক বকুল শাহ বলেন, ‘আমরা ঠিকমতো পেট্রোল ও অকটেন পাচ্ছি না। আমার দুটি পাম্পের লাইসেন্স আছে। একটিতে তেল দেওয়া হলেও আরেকটিতে দেওয়া হচ্ছে না।’

এ বিষয়ে জেলা প্রশাসক এনামুল আহসান বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে পাম্পগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান চলমান রয়েছে। কোনো পাম্প মালিক জ্বালানি তেল গোপন রাখার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, জেলার ৮৫টি তেলের পাম্পে বুধবার পর্যন্ত পেট্রোল মজুত ছিল ২৬ হাজার ৫০০ লিটার, অকটেন ৩ হাজার ৫০০ লিটার এবং কেরোসিন ২৭ হাজার লিটার। তবে ডিজেলের কোনো মজুত নেই বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

অসহায় গৃহবধূর বাড়ি উচ্ছেদ করে দখল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

সময় বাড়িয়েও শেষ হয়নি দুধকুমার নদের ওপর সেতুর কাজ

পীরগাছায় বিদ্যুৎ কর্মীকে মারধর, ৩ দিনেও মামলা নেয়নি পুলিশ

নীলফামারীতে কালবৈশাখীর তাণ্ডব, ২ শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত

কিশোরগঞ্জে বিদ্যুৎ সরবরাহের তার চুরি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

রংপুরে হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

নবাবগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

ভিক্ষুক পুনর্বাসনে ইউএনওর উদ্যোগে দোকানঘর ও পুঁজি প্রদান

দিনাজপুরে জ্বালানি তেলের সংকট, মজুতবিরোধী অভিযানে জেল-জরিমানা

সবুজ রংপুর গড়তে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু