নীলফামারীর সৈয়দপুরে স্কুল থেকে মেয়েকে বাড়ি নিয়ে ফেরার পথে বাসের ধাক্কায় আরিফুল ইসলাম (৪২) নামের এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তাঁর পঞ্চম শ্রেণিড়ুয়া মেয়ে সুপ্তি গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের ওয়াপদা মোড় গোলচত্বর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম সৈয়দপুর ওয়াপদা নয়াহাট দোলাপাড়া এলাকার বাসিন্দা। আহত সুপ্তি শহরের গোলাহাট নতুন কুঁড়ি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার মা একই বিদ্যালয়ের শিক্ষিকা। গুরুতর আহত অবস্থায় সুপ্তিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটির পর মেয়েকে মোটরসাইকেলে করে ওয়াপদা মোড় হয়ে বাড়ি ফিরছিলেন আরিফুল ইসলাম। পথিমধ্যে ওয়াপদা গোলচত্বর পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর বাসটি মোটরসাইকেলসহ চালককে প্রায় ৫০০ গজ টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাথা পিষ্ট হয়ে আরিফুল ইসলামের করুণ মৃত্যু হয় এবং তাঁর মেয়ে মারাত্মক জখম হয়।
এদিকে দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ঘাতক বাসচালককে দ্রুত গ্রেপ্তার, ব্যস্ততম এই সড়কে গতিরোধক ও পুলিশ বক্স নির্মাণ এবং গোলচত্বরে টাঙানো ব্যানার অবিলম্বে অপসারণের দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, গোলচত্বরটি বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে ঢেকে রাখায় বিপরীত দিক থেকে আসা যানবাহন ঠিকমতো দেখা যায় না, যা এই প্রাণঘাতী দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।
সড়ক অবরোধের কারণে রংপুর, দিনাজপুর ও নীলফামারীগামী গুরুত্বপূর্ণ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরবর্তীতে খবর পেয়ে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জোরালো আশ্বাস দিলে প্রায় চার ঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ জনতা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।