রংপুর মহানগরীতে গ্যারেজে পার্কিং করা শাপলা পরিবহনে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এ নিয়ে গেলো দুই দিনে তিনটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটলো মহানগর এলাকাতেই।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নগরীর মা ও শিশু হাসপাতালের সামনে সাজু মিয়ার গ্যারেজের এই ঘটনা ঘটে। পরিবহনটির মালিক মিঠু মিয়া। বাসটি রংপুর-জলঢাকা রুটে চলাচল করতো। তার বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে। ওই ইউনিয়ন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তিনি।
গ্যারেজের নাইট গার্ড সিরাজুল ইসলাম জানান, তখন রাত ৩টা ৫ মিনিট বাজে তখন দেখছি তিনটা মাস্কপড়া ছেলে হেটে হেটে গেলো গাড়ির পাশে। আমি দোকানে একটা পান মুখে দিতেই দেখি গাড়ির সামনের অংশে আগুন জ্বলছে। আর ছেলেগুলো সোজা দিয়ে দ্রুত চলে গেলো। তাদের গায়ে সাদা শার্ট ছিল। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এতে আগুন নেভায় ততক্ষণে বাসটি পুরোটাই পুড়ে যায়।
ঘটনাস্থলে থাকা আরিফুর জামান বাবু নামের এক ব্যক্তি জানান, আমি শুনলাম যে গাড়িতে একটা আগুন লাগি গেছে। তবে আমার মনে হচ্ছে, যেহেতু পরপর এইরকম অবস্থা তিনটা গাড়ির হলো। এটা পর্যটন মোড় পার হয়ে গতকালকে একটা বিকেলের দিকে হইছিল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাশে আবার এইটা হইলো। তাতে আমার মনে হচ্ছে যেটা পরিকল্পিতভাবে আগুন। এটা পরিকল্পিত আগুন। এটা ওদের একটা হয়তোবা পরিকল্পনা করা আছে যে এতগুলো গাড়ি আমাদেরকে জ্বালাই দিতে হবে। এটা কিন্তু মেডিসিনের মাধ্যমে মনে হয় জ্বালিয়ে দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কি করে আমাদের বুঝে আসে না। সরকার কি করে আমরা বুঝতে পারছি না। আমরা কেন অনিরাপদ থাকবো।
আগুন দেখে দৌড়ে আসা সাবেক মেম্বার চান্দু মিয়া জানান, যখন এপাশে চিল্লাচিল্লি তখন দৌড়ে এসে দেখি আগুন জ্বলতেছে। গতকাল পোড়া গেল দুইটা। এইভাবে যদি দেশের একটা সম্পদ এগুলা, এগুলা যদি নষ্ট করি দেয় তাহলে জনগণ কিভাবে চলবে? এখানে তো শ্রমিক করি খায়। এখন সরকারের কাছে চাই। সরকার যেন এটার একটা নিরাপত্তা ব্যবস্থা নেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বাসটির মালিক মিঠু মিয়া ও মালিক সমিতির লোকজন।
গাড়ির মালিক মিঠু মিয়া জানান, ‘আমার বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জের গাড়াগ্রামে। নীলফামারী বাস মিনিবাস ও কোচ সমিতির সদস্য আমি। আমার বাসটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের লোকজন আগুন লাগিয়েছে। আমার ধারণা গানপাউডার ছিটিয়ে আগুন লাগোনো হয়েছে। এটাই আমার রুটি রুজির পথ ছিল। এখন আমি নিঃস্ব।’
নীলফামারীবাস মিনিবাস ও কোচ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান মিল্টন জানান, গতকাল বুধবার আমাদের সংগঠনের একটা গাড়ি মালেকের গ্যারেজে নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন পুড়িয়ে দিয়েছে। আজও আবার এই গাড়িডা গ্যারেজে কাজ চলছে আমাদের, এটাও আমাদের নীলফামারী জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সদস্যের গাড়ি। এই গাড়িটাও তো এভাবে পুড়ে গেলো।
এই ব্যাপারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। প্রশাসন এই ব্যাপারে কী পদক্ষেপ নেবে? সরকার কী পদক্ষেপ নেবে? নিরাপত্তা জোরদার যদি না হয়, তাহলে আমরা গাড়ি বন্ধ করে দেবো। আমরা গাড়ি এত রিস্ক নিয়ে চালাতে পারবো না। আমাদের সামান্য পুঁজি। এই পুঁজিটুকু যদি শেষ হয়ে গেলে আমাদের কি হবে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ারুল হক জানান, আমরা প্রথমে সংবাদ পাই কন্ট্রোলের মাধ্যমে, ৩টা ৮ মিনিটে। আমরা শোনার সঙ্গে সঙ্গে গাড়িতে মুভ করি। আসার পর দেখি যে গাড়িতে আগুন লাগতেছে এবং স্থানীয় প্রশাসন অনেক আছে। আমরা দ্রুত চেষ্টা করে আগুন নেভাইছি। তদন্ত চলমান।
রংপুর মহানগর কোতয়ালী থানার ওসি ওয়াদুদ আলম জানান, ‘আমাদের প্রাথমিক ধারণা এই ঘটনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ঘটিয়েছে। কিভাবে ঘটালো। এখানে কোন ক্যামিকেল ব্যবহার হয়েছে কিনা। সেটা আমরা খতিয়ে দেখছি। ‘
এদিকে বুধবারও ঘটনাস্থলের ৫০০ গজের মধ্যে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের পাশের মালেকের গ্যারেজে পার্কিং করা একই রুটে চলাচলকারী হৃদয়-তাহসিন পরিববহন অগ্নিসংযোগে পুড়ে যায়। ওই বাসটির মালিক রংপুর মহানগর যুবদলের ৩১ নং ওয়ার্ড সভাপতি আব্দুল কাইয়ুম রিন্টু হৃদয়। ওই দিন ভোরেরাতে নগরীর পর্যটন মোটেলের সামনে লুমিনাস ক্যাডেট কোচিংয়ের পার্কিং করা শিক্ষার্থী পরিবহনের একটি বাসে আগুন দেয় দূর্বৃত্তরা। বুধবারের ঘটনার একটিতে পুলিশ মামলা নিলেও অন্যটিতে নেয়নি।