রংপুরের কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক নেতা ও স্বেচ্ছাসেবক লীগের এক সক্রিয় সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক অভিযানে গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে দুইজনের কাছ থেকে ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গত ২৩ ও ২৪ নভেম্বর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গত ২৩ নভেম্বর সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে এসআই মো. সোহরাব হোসেন সঙ্গীয় ফোর্সসহ হারাগাছ ইউনিয়নের নাজিরদহ এলাকায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য মো. মাইদুল ইসলাম মুকুলকে (৩৩) গ্রেপ্তার করেন। তিনি সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি।
একই দিন রাত ৮টা ৩০ মিনিটে এসআই মানিক চন্দ্র রায়ের নেতৃত্বে কুর্শা ইউনিয়নের পূর্ব চানঘাট থলপাড়া এলাকার একটি ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় মো. রাজু মিয়া (২১) ও মো. মশিউর রহমানকে (২২) আটক করা হয়। তাঁদের কাছ থেকে ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, ২৪ নভেম্বর রাত ১২টা ২৫ মিনিটে এসআই মো. সোহরাব হোসেন সঙ্গীয় ফোর্সসহ টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ এলাকায় অভিযান চালিয়ে মো. জসমত আলীকে (৬০) গ্রেপ্তার করেন। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনিও সন্ত্রাসবিরোধী আইনের একই মামলার তদন্তে প্রাপ্ত আসামি।
এদিকে, গত চার-পাঁচ দিন আগে কাউনিয়ায় যুবলীগের একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পাশাপাশি এনসিপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, এসব কর্মকাণ্ডের মাধ্যমে শান্তিপূর্ণ কাউনিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। তাঁরা ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাস ও নাশকতা যারাই করার চেষ্টা করবে, তাদেরই আইনের আওতায় আনা হবে।