রংপুরের তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ইয়াছিন আলী (৬০) এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) রাতে রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ইয়াছিন আলী উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজীপুর মাঝাপাড়া গ্রামের মৃত কালটা মামুদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ মে বৃহস্পতিবার রাত ১০টায় ইকরচালী ইউনিয়নের বাড়াবাড়ি বাজার সংলগ্ন রংপুর-সৈয়দপুর মহাসড়কে একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন পথচারী ইয়াছিন আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় তারাগঞ্জ থানায় একটি সড়ক দুর্ঘটনা মামলা দায়ের করা হয়েছে।
এএস