আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে ইবনে সিনা হাসপাতাল সিলেট। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে হাসপাতালের তৃতীয় তলায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের ডিএমএস কর্নেল (অব.) ডা. রুকনুল ইসলাম চৌধুরী।
আলোচনা সভায় প্রধান অতিথি মাওলানা হাবিবুর রহমান নার্সিং পেশাকে মানবসেবার এক মহৎ ও সম্মানজনক দায়িত্ব হিসেবে উল্লেখ করে বলেন, নার্সিং সেবা শুধু একটি পেশা নয়, এটি মানবতার কল্যাণে নিবেদিত এক মহান ইবাদত। আন্তরিকতা, মমত্ববোধ ও দায়িত্বশীলতার সঙ্গে রোগীদের সেবা প্রদানের মাধ্যমে মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করা সম্ভব।
তিনি নার্সদের ধৈর্য, সহমর্মিতা ও পেশাগত নিষ্ঠার প্রশংসা করেন এবং হাসিমুখে মায়া, যত্ন ও মমতায় রোগীদের আরও উন্নত সেবা দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
মাওলানা হাবিবুর রহমান বলেন, ডাক্তার চিকিৎসা দেন, কিন্তু একজন নার্স দিন-রাত ২৪ ঘণ্টা সেবা দিয়ে রোগীকে সুস্থ করে তোলেন। তাই নার্সরাই হাসপাতালের মূল চালিকাশক্তি।
হাসপাতালের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মো. জহির উদ্দিন এবং সিনিয়র স্টাফ নার্স মাছুম আহমদের যৌথ উপস্থাপনায় সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এডিশনাল ডিএমএস মেজর (অব.) ডা. আব্দুস সালাম চৌধুরী, আইসিইউ ও সিসিইউ ইনচার্জ ডা. মোহাম্মদ মাসউদ গণি, এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হক, ম্যানেজার (এডমিন) অ্যান্ড ইনচার্জ বেলাল হোসাইন, ম্যানেজার (হিসাব) মো. মনিরুজ্জামান, এসএমও ডা. তোফাজ্জল হোসাইন, কাস্টমার কেয়ার ইনচার্জ মোহাম্মদ নূরুল হক, ডেপুটি ম্যানেজার অ্যান্ড ইনচার্জ (এইচআর) মো. ইকবাল হোসেন খন্দকার, সিভিল ইঞ্জিনিয়ার মো. ফয়জুল ইসলাম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মাজহারুল ইসলাম, রেডিওলজি অ্যান্ড ইমেজিং ইনচার্জ নজরুল ইসলাম, হাউজকিপিং ইনচার্জ আনোয়ার হোসেন রাসেল, মেট্রন মোসা. মর্জিনা খাতুন, সিনিয়র স্টাফ নার্স কাওসার আহমদসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে নার্সদের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তারা নার্সিং পেশার মর্যাদা রক্ষা এবং সেবার মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এআরবি