হোম > সারা দেশ > সিলেট

চা বাগানের শ্রমিক সর্দার হত্যায় প্রধান আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ক্লিবডন চা বাগানের শ্রমিক সর্দার হত্যায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার কামিনীগঞ্জ বাজার থেকে তাবে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহৃত কোদালের হাতল (লাঠি), ভিকটিমের মোবাইল ফোন, জুতা, লাঠি বাঁধার গামছার টুকরা এবং ব্যবহৃত মোটরসাইকেল।

জেলা পুলিশ সুপার কার্যালয়ে শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন। এ সময় জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরহাদ মিয়া উপস্থিত ছিলেন।

এরআগে, গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রামবচন গোয়ালা (৪০) বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরদিন কুলাউড়া থানায় জিডি করেন স্বজনরা। এরপর ২৮ সেপ্টেম্বর সকালে জুড়ীর কাপনাপাহাড় চা-বাগান এলাকায় রক্তের দাগ ও স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বাবুনালা ছড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ঘটনার পর পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন (পিপিএম) এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা এবং কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের তত্ত্বাবধানে ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়ার নেতৃত্বে বিশেষ টিম তদন্ত শুরু করে। শুক্রবার ভোরে অভিযুক্ত গোলাপ সতনামী (৩৩)কে আলামতসহ গ্রেপ্তার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে গোলাপ জানায়, ২০১৭ সালে রামবচনের কারণে সে চাকরি হারিয়েছিল। দীর্ঘদিনের ক্ষোভ থেকেই হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন সন্ধ্যায় সে রামবচনকে মদপানের প্রস্তাব দিয়ে মোটরসাইকেলে রত্না চা বাগানে নিয়ে যায়। সেখানে চন্দন নামের আরেক ব্যক্তিসহ তারা মদ পান করে। কথাকাটাকাটির একপর্যায়ে গোলাপ ক্ষিপ্ত হয়ে ফেরার পথে বাবুনালা ছড়ার কাছে মোটরসাইকেল থামিয়ে কোদালের হাতল দিয়ে রামবচনের মাথায় একাধিক আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এরপর গোলাপ সোনারূপা চা বাগানে গিয়ে এক ব্যক্তিকে বিষয়টি জানায়। পরে দুজনে মিলে লাশ টেনে বাবুনালা ছড়ায় ফেলে গাছপালা ও মাটি চাপা দিয়ে পালিয়ে যায়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে জুড়ী থানায় মামলা করেছে। আসামিকে দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, স্বেচ্ছাসেবক দল নেতাকে জরিমানা

রাশিয়ার হয়ে যুদ্ধ করে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

ফের সংসদে যাচ্ছেন হবিগঞ্জের শাম্মী

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাকা ধান, উৎকণ্ঠায় কৃষক

কোম্পানীগঞ্জে খাল খনন উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

দোয়ারাবাজারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

বিএনপির মনোনয়ন পেলেন শাম্মী আক্তার ও ব্যারিস্টার আদিব

শ্রমিক সংকটে ধর্মপাশায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

গ্রাহকের ছয় কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

নির্মাণের এক বছরেই ২৩ কোটি টাকার ভবনে ফাটল