মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ২০ লাখ টাকার জিরা লুটের মামলায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সংস্থার (জাসাস) সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে সিলেটের ব্যবসায়ী আফজালুর রহমানের মালিকানাধীন জিরাবাহী একটি কাভার্ডভ্যান শ্রীমঙ্গল শহরের পুরানবাজার এলাকায় পৌঁছালে জাহেদ আলীসহ ৩-৪ জন দুষ্কৃতকারী গাড়ির গতিরোধ করে। এ সময় তারা ড্রাইভার ও হেল্পারকে প্রাণনাশের ভয় দেখিয়ে জিম্মি করে ফেলে।
অভিযোগে বলা হয়, দুষ্কৃতকারীরা ১৬০ বস্তা জিরা, নগদ ২০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন এবং জিরাবাহী গাড়িটি ছিনিয়ে নিয়ে যায়। পরে শহরতলীর উত্তরসুর এলাকায় ড্রাইভার ও হেল্পারকে নামিয়ে দিয়ে তারা গাড়িসহ মালামাল নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী আফজালুর রহমান সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও অভিযুক্তদের পরিচয় নিশ্চিত করে শনিবার শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন। মামলায় জাহেদ আলীসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করা হয়।
মামলার পর শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানার এসআই বাবলু পালের নেতৃত্বে পরিচালিত অভিযানে শহরের শাহীবাগ এলাকা থেকে জাহেদ আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি শাহীবাগ এলাকার মৃত নায়েব আলীর ছেলে এবং শ্রীমঙ্গল পৌর জাসাসের আহ্বায়ক কমিটির সাবেক সদস্যসচিব ছিলেন।
শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
জেলা জাসাসের আহ্বায়ক মো. শামছুল ইসলাম রাসেল ও সদস্যসচিব জসীম উদ্দিন জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির অভিযোগে জাহেদ আলীকে এর আগেই শ্রীমঙ্গল পৌর জাসাসের আহ্বায়ক কমিটির সদস্যসচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জেডএম