হবিগঞ্জের ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে অতিরিক্ত টহল, গোয়েন্দা তৎপরতা এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
৫৫ বিজিবি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে লোকজনকে জোরপূর্বক পাঠিয়ে দেওয়ার আশঙ্কার পরিপ্রেক্ষিতে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকাগুলোতে সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে জেলার ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি রাতের বেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিজিবির কর্মকর্তারা জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার প্রচেষ্টা প্রতিহত করতে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণে গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, গত কয়েক দিনে সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম দৃশ্যমানভাবে বেড়েছে। দিন-রাত বিভিন্ন স্থানে সদস্যদের টহল দিতে দেখা যাচ্ছে। এতে সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতি আরো শক্তিশালী হয়েছে বলে মনে করছেন তারা।
৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, গত ৬ মাসের মধ্যে হবিগঞ্জের সীমান্ত দিয়ে কোনো পুশইন নেই। তাছাড়া সীমান্ত সুরক্ষার জন্য বিজিবি সকল ধরনের তৎপরতা অব্যাহত রেখেছে। নাইট ভিশন, থার্মাল ড্রোন ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরো জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।