মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদল আর্থিক সংকটে থাকা অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থীর ফর্ম ফিলাপ, ভর্তি ফি এবং বইপত্র কেনার জন্য সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
ছাত্রদল জানিয়েছে, এই সহায়তার ধারা অব্যাহত থাকবে।
সরকারি কলেজ ক্যাম্পাস থেকে এই কার্যক্রম শুরু হয়। এতে সহযোগিতা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান এবং তার সহধর্মিনী রেজিনা নাসের। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদও এই উদ্যোগে সক্রিয় ভূমিকা রেখেছেন।
প্রথম দিনে সহযোগিতা প্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো, মৌলভীবাজার সরকারি কলেজ, সৈয়দ শাহ্ মোস্তফা কলেজ, কাশিনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, আজাদ বখত স্কুল অ্যান্ড কলেজ।
ছাত্রদল কলেজ ক্যাম্পাসগুলোতে একটি প্রচারপত্র বিতরণ করেছে, যাতে অর্থনৈতিক সংকটে থাকা শিক্ষার্থীরা সহযোগিতা গ্রহণ করতে পারে এবং তাদের পড়ালেখা বন্ধ না হয়। এছাড়া শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনাও জানানো হয়েছে।
অর্থিক সহায়তা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, এমন মহতি উদ্যোগের কারণে আমাদের পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে।
মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ বলেন, প্রথম দিনে আমরা ২০ জন শিক্ষার্থীকে সহায়তা দিয়েছি। আগামী রোববার আরও কয়েকজনকে সহযোগিতা করা হবে। আপাতত চারটি কলেজে কার্যক্রম সচল রয়েছে এবং ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানো হবে। আমরা অনেকটা নীরবে শিক্ষার্থীদের হাতে এই উপহার পৌঁছে দিচ্ছি এবং তাদের পড়াশোনার পথ সুগম করতে চাই।
তিনি আরও বলেন, যাদের যা প্রয়োজন, আমরা সেই অনুযায়ী সহায়তা দেওয়ার চেষ্টা করছি।