হবিগঞ্জের বাহুবল উপজেলার বাসিন্দা নবি হোসেন নামের এক যুবক সৌদি আরবের রিয়াদে অপহরণের শিকার হয়েছেন। অপহরণের পর মাফিয়া চক্রের দেওয়া মোবাইল (০১৮৫৭৬৪০০০) নম্বরে মুক্তিপণের টাকা দিয়েও সন্ধান মিলছে না যুবকের। এতে উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের।
নবি হোসেনের বড় ভাই জমির আলী জানান, গত ২ জানুয়ারি করিমপুর গ্রামের তারেক মিয়ার মাধ্যমে সৌদি আরবে যান তিনি। সেখানে রিয়াদের আজিজিয়া এলাকার চারমিনা মসজিদের সামনে শরকতশরি আবেদিল মতেরিল মালুকাত কোম্পানিতে কাজ করতেন। প্রায় চার মাস পর গত ৩ জুন বাড়িতে ফোন দিয়ে বেতন পাওয়ার কথা জানান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে দালাল তারেক মিয়ার সঙ্গে যোগাযোগ করলে কোনো সদুত্তর দিতে পারেননি। ঘটনার ১৩ দিন পর ১৫ জুন Md. mamun নামের ইমু থেকে মুক্তিপণ দাবি করা হয়। বিকাশে ০১৮৫৭৬৪০০০ নম্বরে ৩৪ হাজার টাকা পাঠানো হয়। অপহরণকারী জানিয়েছিল মুক্তিপণ দিলে তাকে মক্কায় পাঠিয়ে দেবে। পুনরায় আরও টাকা চাওয়া হলে ওই নম্বরে আরো ৭ হাজার টাকা পাঠানো হয়। এর পরও তার সন্ধান না পেয়ে পরিবার আতঙ্কে আছে।
এমই