ঢাকা (কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগারে নুর আলম মনির (৪৫) নামে এক কয়েদি অসুস্থ হলে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় মারা তিনি যান। এর আগে সোমবার রাতে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মেডিসিন বিভাগে ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়।
কারারক্ষী সুজন জানান, নিহত নুর আলম মনির কেন্দ্রীয় কারাগারে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে তাকে ঢামেকের মেডিসিন বিভাগে ভর্তি দেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মৃত মনির কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার কয়েদি নং ১৭৭৬/এ। তবে কী মামলায় সে কারাবন্দি ছিল, এ বিষয়টি আমরা বলতে পারব না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।