ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অসামান্য অবদানের স্বীকৃতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ ইউনিট ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
যারা হলেন শ্রেষ্ঠ: ফেব্রুয়ারি মাসে ডিএমপির অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে তেজগাঁও বিভাগ। অপরদিকে ঢাকা মহানগরের ৫০টি থানার মধ্যে সেরা নির্বাচিত হয়েছে মোহাম্মদপুর থানা।
পুলিশ সুপার পদমর্যাদার (এসি) কর্মকর্তাদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শামীম হোসেন। উপ-পরিদর্শক (এসআই) ক্যাটাগরিতে যৌথভাবে সেরা নির্বাচিত হয়েছেন গেন্ডারিয়া থানার এসআই মো. রাকিবুল ইসলাম রাজিব ও মোহাম্মদপুর থানার এসআই মো. জসিম। সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে যৌথভাবে পুরস্কৃত হয়েছেন মোহাম্মদপুর থানার এএসআই মো. রকিবুল হাসান ও গুলশান থানার এএসআই মো. সুমন ইসলাম।
গোয়েন্দা ও ট্রাফিক বিভাগে পুরস্কার: গোয়েন্দা কার্যক্রমে বিশেষ পারদর্শিতা দেখানোয় ডিবির মধ্যে শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত হয়েছে ডিবি-মতিঝিল বিভাগ। একই বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইন শ্রেষ্ঠ টিম লিডারের স্বীকৃতি পেয়েছেন।
ট্রাফিক ব্যবস্থাপনায় সাফল্য দেখানোয় ট্রাফিক-মিরপুর বিভাগ শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট নির্বাচিত হয়েছে। পল্লবী ট্রাফিক জোনের সার্জেন্ট মো. আল ফরহাদ মোল্লা ও মোহাম্মদপুর ট্রাফিক জোনের সার্জেন্ট রাসেল আলম যৌথভাবে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্টের পুরস্কার গ্রহণ করেন।
অপরাধ পর্যালোচনা সভা: যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় ডিএমপির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
ডিএমপি সূত্রে জানা গেছে, অপরাধ দমন ও জনসেবায় বিশেষ অবদান রাখা কর্মকর্তাদের উৎসাহিত করতেই প্রতি মাসে এ আয়োজন করা হয়। ফেব্রুয়ারি মাসের অপরাধ পরিস্থিতি নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়।