দেশের চলমান পরিস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
বুধবার ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে ছাত্র ও যুব দায়িত্বশীলদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রসমাজের সাহসী ও ঐতিহাসিক ভূমিকা দেশের মানুষ স্মরণ রাখবে। দেশের পরিবর্তন ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রসমাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতেও ইসলামী ছাত্রশিবির বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে সাহসিকতা, ত্যাগ ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তিনি ছাত্রসমাজের এই ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও দেশ ও সমাজের কল্যাণে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।
মহানগরীর সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা ও ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান।
এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।
ছাত্রনেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর সভাপতি সাইফুল ইসলাম সাইম, ঢাকা মহানগর পশ্চিম সভাপতি মুহিবুল্লাহ হুসাইনী, প্রাইভেট বিশ্ববিদ্যালয় পূর্ব শাখার সভাপতি রেজাউল করিম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় পশ্চিম শাখার সভাপতি শান্ত তালুকদার এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আগামী দিনে ঢাকা উত্তর সিটিকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। নগরবাসীর কাছে সহজে ও দ্রুত নাগরিক সেবা পৌঁছে দিতে আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল অ্যাপভিত্তিক সেবাব্যবস্থার প্রসার ঘটাতে হবে।
তিনি এ সময় ‘সার্ভিস নিন’ অ্যাপের মাধ্যমে নগরবাসীর কাছে প্রয়োজনীয় সেবাসমূহ সহজলভ্য করার পরিকল্পনার কথা তুলে ধরেন। অ্যাপটির সেবা ও কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ছাত্র ও যুবসমাজকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
প্রযুক্তিনির্ভর সেবাব্যবস্থার মাধ্যমে নাগরিকদের ভোগান্তি কমিয়ে একটি অত্যাধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন মোহাম্মদ সেলিম উদ্দিন। সভায় ছাত্র ও যুব দায়িত্বশীলদের বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।