রাজধানী ঢাকার যানজট কমাতে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালটি কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের জন্য সায়েদাবাদ বাস টার্মিনালটি কাঁচপুরে স্থানান্তরের নির্দেশনা দেন। এর প্রেক্ষিতে চার মাসের মধ্যে কাঁচপুরে প্রস্তাবিত টার্মিনাল ব্যবহার উপযোগী করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে নির্দেশ দেয় স্থানীয় সরকার বিভাগ।
সূত্র আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কাঁচপুর বাস টার্মিনালের শেড নির্মাণ, টিকিট কাউন্টার, টয়লেট এবং অফিস কক্ষসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ কাজ শেষ করতে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেডকে বাস্তবায়নের জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮৮ লাখ টাকা। এই প্রকল্পের আওতায় ৪ হাজার ১২ বর্গমিটার প্ল্যাটফর্ম ঢালাই ও টাইলস বসানো হবে। এছাড়া ১৫ হাজার ৫৭৩ কেজি প্রোফাইল শিট দিয়ে শেড নির্মাণ, ১২০টি টিকিট কাউন্টার, ৩২টি টয়লেট এবং অফিস কক্ষসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, কাঁচপুর বাস টার্মিনাল চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলের যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে কমবে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।
এএস