রাজধানীর ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী দস্তারবন্দি মহাসম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে আয়োজিত এ সম্মেলনে দিনভর দেশি-বিদেশি বিশিষ্ট আলেমদের আলোচনা, বয়ান ও দস্তারবন্দি কার্যক্রমে অংশ নেন হাজারো মানুষ। দ্বিতীয় দিনে ২০১৩ থেকে ২০১৭ শিক্ষাবর্ষের প্রায় পাঁচ হাজার প্রাক্তন শিক্ষার্থীকে সম্মাননা পাগড়ি পরানো হয়।
তিন দিনব্যাপী এ মহাসম্মেলনের শেষ দিন আগামীকাল বুধবার বাদ মাগরিব বয়ান করবেন ভারতের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী।
মঙ্গলবার সকাল ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। নির্ধারিত সূচি অনুযায়ী দিনব্যাপী বিভিন্ন পর্বে আলেম-উলামাদের আলোচনা এবং প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা পাগড়ি প্রদান করা হয়। সকাল থেকেই সম্মেলনস্থলে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
দ্বিতীয় দিনের আলোচনায় ইলম অর্জনের লক্ষ্য ও করণীয়, কর্মজীবনে ইসলাহি মুরুব্বির সঙ্গে সম্পৃক্ততার গুরুত্ব, আত্মসংশোধন, নিয়মানুবর্তিতা, আখলাক, নবীজীবনের আদর্শ এবং দেশ ও মানুষের কল্যাণের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এসব বিষয়ে আলোচনা করেন জামিয়ার মুফতি ও সিনিয়র মুহাদ্দিস মুফতি আবু সাঈদ, মুফতি আব্দুস সালাম, মাওলানা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর, মাওলানা মাহফুজুল হক ও মাওলানা মুতিউর রহমান।
বিদেশি অতিথিদের মধ্যে বক্তব্য দেন পাকিস্তানের মাওলানা শাহ হাকীম মাজহার, ভারতের মাওলানা আজহার মাদানী, মাওলানা সায়্যিদ রমজান মেওয়াতি, মাওলানা উবাইদুল্লাহ খালিদ ও মাওলানা হানিফ জালান্ধরীসহ বিশিষ্ট আলেমরা।
এদিন ২০১৩ থেকে ২০১৭ শিক্ষাবর্ষের প্রায় পাঁচ হাজার প্রাক্তন শিক্ষার্থীকে সম্মাননা পাগড়ি পরানো হয়। এ সময় সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দীর্ঘদিনের স্মৃতি এবং প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সাত দশক পূর্তির আয়োজনে অংশ নিতে পেরে শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ছিল আনন্দ-উচ্ছ্বাস।
এর আগে গত সোমবার (২৩ নভেম্বর) শুরু হয় তিন দিনব্যাপী এ মহাসম্মেলন। প্রথম দিন বিখ্যাত ইসলামি স্কলার ও পাকিস্তান বেফাকের সভাপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানী বাদ মাগরিব ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। প্রথম দিনে তিন হাজার ফারেগকে পাগড়ি প্রদান করা হয়।
এদিকে জামিয়ার ৭০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ঘিরেও ছিল বিশেষ আগ্রহ। গ্রন্থটির নির্ধারিত মূল্য ৪৫০ টাকা হলেও সম্মেলনের প্রথম দিন এর প্রথম কপি নিলামে বিক্রি হয় আড়াই লাখ টাকায়। নিলামে দুই লাখ, দুই লাখ ২০ হাজার ও ৩০ হাজার টাকা পর্যন্ত দর হাঁকিয়েও অনেকে কপিটি সংগ্রহ করতে পারেননি।
মহাসম্মেলনের শেষ দিন বুধবার দেশি-বিদেশি আরও বহু বিশিষ্ট আলেম-উলামার আগমন ঘটবে। দিনের বিভিন্ন পর্বে আলোচনা ও দস্তারবন্দি কার্যক্রমের পাশাপাশি বাদ মাগরিব বিশেষ বয়ান করবেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী। তাঁর বয়ানকে ঘিরে সম্মেলনের শেষ দিনে আলেম-উলামা, জামিয়ার প্রাক্তন শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।