হোম > আইন-আদালত

তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানীর উত্তরখান থানায় দায়ের করা মামলায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিওয়াসের আদালত এই আদেশ দেন।

এ দিন দুপুর সোয়া ২টায় দীপকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্ত, মূল রহস্য উদ্ঘাটন, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও আলামত উদ্ধারের স্বার্থে তাকে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (নিরস্ত্র) মো. ফিরোজ উদ্দিন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মুতাসিম বিল্লাহ রিমান্ডের মেয়াদ কমিয়ে দুই দিন করার আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার সকালে নিহত তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ২৭ বছর বয়সী তাহসিফ। পরিবারের ভাষ্যমতে, জুনিয়র বন্ধু দীপের ডাকে সাড়া দিয়েই তিনি বাসা থেকে বের হয়েছিলেন। ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে দীপকে দেখা যায়। সেখানে তারা হাত মেলানোর পর আলাদা দুটি মোটরসাইকেলে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।

পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদে একটি মরদেহ ভেসে থাকার খবর পেয়ে টঙ্গী নদী পুলিশ ফাঁড়ির সদস্যরা রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করেন। পরে তার হাতের ঘড়ি ও পকেটে থাকা আইফোনের সূত্র ধরে পরিচয় শনাক্ত করা হয়।

হত্যাকাণ্ডের এ ঘটনায় গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে বন্ধু দীপকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার তাকে নিয়ে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় অভিযান চালায় পিবিআই। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পিবিআইয়ের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, ঘটনার রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদসংলগ্ন এলাকায় গিয়েছিলেন। সেখানে অজ্ঞাতপরিচয় কয়েকজন তাদের ধাওয়া করলে তাহসিফ ভয়ে নদীতে ঝাঁপ দেন। তবে দীপের এ বক্তব্যের সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি। পুলিশ তার দেওয়া তথ্যের অসংগতিগুলো খতিয়ে দেখছে। পরবর্তী সময়ে তাকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদকে বরখাস্ত

তাহসিফ সাউরী হত্যা: সিসিটিভি ফুটেজে আসা সেই তরুণীকে খুঁজছে পুলিশ

তাহসিফ হত্যা: আদালতে নেওয়া হলো আসামি দীপকে, সাত দিনের রিমান্ড আবেদন

দুর্নীতির মামলায় সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের মামলায় সেই কিশোরের জামিন

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন ফের নামঞ্জুর

৯৩০ কোটি টাকা মানিলন্ডারিং: পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ, প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধ চেয়ে আইনি নোটিস

সাবেক এমপি ছলিম ও তার স্ত্রীর ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড