চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে আপিল শুনানি শেষ হয়েছে। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ বিষয়ে রায়ের জন্য আগামী ৩০ জুন দিন ধার্য করেছেন।
এদিন আদালতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী। অন্যদিকে আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
ঋণখেলাপির অভিযোগের মুখে নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে (গত ১৮ জানুয়ারি) আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে পরবর্তীতে আপিল বিভাগে আবেদন করে ব্যাংক কর্তৃপক্ষ। এছাড়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী।
গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। ফলে আসলাম চৌধুরী নির্বাচন করার সুযোগ পান। কিন্তু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে এবং ফলাফল প্রকাশ হবে না বলে ওইদিন আদেশ দেয়া হয়। এর মধ্যেই গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হন। কিন্তু আদালতের আদেশের কারণে নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি।
সোমবারের শুনানিতে আদালত কর্তৃক নির্বাচিত দুজন আমিকাস কিউরি তথা আদালতকে সহায়তাকারী সিনিয়র আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী ও প্রবীর নিয়োগী অংশগ্রহণ করেন।
সব শুনানির পর প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ বিষয়ে রায়ের জন্য আগামী ৩০ জুন দিন ধার্য করেন।
এএস