ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষকরা।
রোববার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, রেজিস্ট্রার অধ্যাপক ড. ফেরদৌস রহমান, ছাত্র ও পরামর্শ উপদেষ্টা সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা, প্রক্টর সহযোগী অধ্যাপক ঈসমাইল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামাণিক বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে নতুন সম্ভাবনার সূচনা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদের আত্মত্যাগের মধ্য দিয়েই সেই আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল। আমরা সেই অর্জন ও নতুন বাংলাদেশের স্বপ্নকে ম্লান হতে দিতে চাই না।
তিনি আরও বলেন, সম্প্রতি দেশজুড়ে বোমা হামলা, অগ্নিসন্ত্রাস ও শিক্ষাঙ্গন অস্থিতিশীল করার নানা অপচেষ্টা দেখা যাচ্ছে। একটি নিষিদ্ধ সংগঠন ও অপশক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের এসব কর্মকাণ্ড কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। বেরোবির শিক্ষক-শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে এসব অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকবেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, দীর্ঘ জুলুম-নির্যাতনের পর আমাদের শিক্ষার্থী আবু সাঈদসহ সারাদেশে এক হাজার শিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁদের রক্ত এখনো শুকায়নি, মায়েদের আহাজারিও থামেনি। এরপরও বিভিন্ন জায়গায় নিষিদ্ধঘোষিত সংগঠন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এসব অপচেষ্টা প্রতিহত করতেই আমরা একত্রিত হয়েছি। আবারও যদি শহীদ হতে হয়, প্রয়োজনে মাঠে নামব। শিক্ষক-শিক্ষার্থীরা একসঙ্গে মাঠে থাকব। কোনো অপশক্তিকে প্রশ্রয় দেওয়া হবে না।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, জুলাই-পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রম অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক মান এবং শিক্ষকদের গবেষণার অগ্রগতি দৃশ্যমান। বিশ্ববিদ্যালয়ে একদিনের জন্যও সেশনজট নেই। প্রতিটি বিভাগ নিজ নিজ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব কার্যক্রম নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, শিক্ষাঙ্গনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা শুধু শিক্ষাঙ্গনের পরিবেশ নয়, দেশের গণতান্ত্রিক পরিবেশকেও নষ্ট করার অপচেষ্টা। দীর্ঘ সংগ্রামের পর মানুষ যে গণতান্ত্রিক পরিবেশ, বাক্স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা ও মুক্তভাবে কথা বলার সুযোগ পেয়েছে, নিষিদ্ধ সংগঠনটি তা বাধাগ্রস্ত করতে চায়।
হুঁশিয়ারি দিয়ে উপাচার্য বলেন, এসব অপচেষ্টা জনজীবনের স্বস্তি নষ্ট করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বাতিঘর হিসেবে বেরোবিতে জুলাই-পরবর্তী সময়ে যেসব কার্যক্রম শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে। কোনো অপশক্তি এসব কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।