ময়মনসিংহে দুই ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলা, মারধর ও চেম্বার ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসংলগ্ন গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা ও অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আলীমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ২১ আগস্ট সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর জিলা স্কুলের পাশে অবস্থিত ‘ডক্টরস পেট কেয়ার’ ভেটেরিনারি চেম্বারে ডা. মো. আশিকুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা তাকে মারধরের পাশাপাশি চেম্বারে ভাঙচুর চালায়। এর আগে ২০ আগস্ট কেওয়াটখালি বাজারে ডা. মো. আব্দুল হান্নানের ‘ভেট অ্যান্ড পেট কেয়ার ময়মনসিংহ’ চেম্বারেও একই ব্যক্তিরা হামলা চালান বলে অভিযোগ রয়েছে। ডা. আশিকুর রহমান ও ডা. আব্দুল হান্নান দুজনই বাকৃবির ভেটেরিনারি অনুষদের সাবেক শিক্ষার্থী।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন চিকিৎসকের কর্মস্থলে ঢুকে হামলা ও মারধর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনা ভেটেরিনারি চিকিৎসকদের নিরাপত্তা ও পেশাগত পরিবেশকে হুমকির মুখে ফেলছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা বলেন, ‘ডা. আশিকুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, শিক্ষক এবং ভেটেরিনারি পেশার একজন কর্মী হিসেবে আমি তীব্র নিন্দা জানাই। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।’
একই বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম বলেন, ‘ডা. আশিকুর রহমান ও ডা. আব্দুল হান্নানের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, ‘একজন ভেটেরিনারিয়ান হিসেবে এ ঘটনায় আমি ব্যথিত। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করছি।’
ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. বাহানুর রহমান বলেন, ‘ডা. আশিকুর রহমান ও ডা. আব্দুল হান্নানের ওপর যে সন্ত্রাসী হামলা হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। সরকার এ ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনবে ।’