ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শারীরিক শিক্ষা কেন্দ্রের আধুনিকায়ন ও ক্রিকেট মাঠের অবকাঠামোগত সংস্কারের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পক্ষ থেকে ২ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে এই চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।
এ বিষয়ে ভিপি আবু সাদিক কায়েম এক বিবৃতিতে বলেন বলেন, “এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান পিএইচডি এবং সংশ্লিষ্ট সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।”
তিনি আরো বলেন, “একই সঙ্গে ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন এবং কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীনের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার জন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
ডাকসু ভিপি জানান, নির্বাচিত হওয়ার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামো সংস্কার ও খেলাধুলার পরিসর বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে ডাকসু।
তিনি বলেন, ‘আমরা আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যেই সেন্ট্রাল ফিল্ডের সংস্কার কাজ সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্র ও ক্রিকেট গ্রাউন্ডকে একটি আধুনিক ও শিক্ষার্থীবান্ধব কেন্দ্রে রূপান্তর করা সম্ভব হবে।’