হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিতে আওয়ামী লীগকে ঘিরে গোপন তৎপরতায় ৫৮ শিক্ষক শনাক্ত

তদন্ত কমিটি গঠন

প্রতিনিধি, ঢাবি

আওয়ামী লীগকে ঘিরে গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৮ জন শিক্ষকের নাম শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব শিক্ষকের বিষয়ে তদন্ত করে করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ দিতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন এবং আইন অনুষদের ডিন। সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে সার্বিক তথ্য যাচাই-বাছাই করে কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় সুপারিশ দেবে।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক রফিকুল ইসলাম সম্পাদিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় লিপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয় খতিয়ে দেখে করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি সংশ্লিষ্ট শিক্ষকদের সার্বিক বিষয় পর্যালোচনা করে করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ করবে। এরই মধ্যে কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন তাদের দৃষ্টিগোচর হয়। ওই প্রতিবেদনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক গোপন তৎপরতায় যুক্ত রয়েছেন বলে দাবি করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে, প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষক এমন তৎপরতায় লিপ্ত রয়েছেন বলে উল্লেখ করা হয়েছিল। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসার পর তা যাচাই-বাছাই করে দেখার উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় উল্লেখিত ৯২ জনের মধ্যে ইতোমধ্যে ৫৮ জন শিক্ষকের নাম শনাক্ত করা হয়েছে। শনাক্ত হওয়া শিক্ষকদের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করে দেখবে গঠিত কমিটি। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ধরন, সংশ্লিষ্টতার মাত্রা এবং বিষয়টির সার্বিক প্রেক্ষাপট পর্যালোচনা করে কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় সুপারিশ দেবে।

এ ছাড়া প্রতিবেদনে উল্লেখ করা ৯২ জনের মধ্যে বাকি শিক্ষকদের নাম শনাক্ত করার কাজও চলমান রয়েছে। পরবর্তীতে আরও কোনো শিক্ষকের নাম শনাক্ত হলে তাদের বিষয়েও একই কমিটি তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশ করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাজশাহী স্টেশনে রাতভর উত্তেজনার পর ট্রেন চলাচল স্বাভাবিক

মাদরাসায় শিক্ষার্থীদের নিরাপত্তায় আল-হাইআতুল উলয়ার উদ্যোগকে স্বাগত

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, একজনকে শোকজ

অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে আদালতে ৩ জনের স্বীকারোক্তি

তিন দফা দাবিতে বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন

জবি ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

ছাত্রলীগ সন্দেহে রিকশাচালককে ধরে পুলিশে দিল জবি ছাত্রদল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লকডাউনের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করতে ইবিতে ব্র্যাকের সমঝোতা স্মারক সই

শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাবি