হোম > ফিচার > ক্যাম্পাস

উৎসবমুখরতায় শেষ হলো ডাকসুর মনোনয়ন সংগ্রহ

মাহির কাইয়ুম, ঢাবি

উৎসবমুখর পরিবেশে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ। নির্বাচনের ২৮টি কেন্দ্রীয় পদের বিপরীতে মনোনয়নপত্র নিয়েছেন ৬৫৮ প্রার্থী। এর মধ্যে শেষ দিন গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র নিয়েছেন ৯৩ জন। এর আগে টানা আট দিনে ফরম নিয়েছিলেন ৪৪২ জন। প্রায় ৩৭ হাজার ভোটারের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এক দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানান, শেষদিনে হল সংসদের ২০১ জন ফরম নিয়েছেন। এ নিয়ে হল সংসদে এক হাজার ৪২৭ শিক্ষার্থী মনোনয়ন নিয়েছেন। ফলে কেন্দ্রীয় ও হল সংসদ মিলে মোট দুই হাজার ৮৫ শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আজ বুধবার। যাচাই-বাছাই শেষে ২৫ আগস্ট পর্যন্ত প্রত্যাহার করা যাবে মনোনয়ন। ২৬ আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থী তালিকা এবং ভোট অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।

নির্বাচন কমিশন প্রধান অধ্যাপক জসিম বলেন, ‘এবার শুধু বৈধ শিক্ষার্থীরাই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কেউ দলীয় পরিচয়ে ফরম নেননি। তবে ভোটের আগ পর্যন্ত যদি কারো নাম অপরাধীর তালিকায় আসে, তবে তার প্রার্থিতা বাতিল হবে।’

এখনো প্যানেল দেয়নি ছাত্রদল

গতকাল বিকালে চূড়ান্ত প্যানেল ঘোষণার কথা থাকলেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এদিন পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি। সংগঠনটি জানিয়েছে, বুধবার (আজ) বিকালে তাদের চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হবে।

এদিকে সংগঠনটির প্যানেল থেকে কাকে সহসভাপতি (ভিপি) পদে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। একাধিক সূত্র বলছে, ভিপি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান। পাশাপাশি আবিদুল ইসলাম খান এবং বিএম কাউসারের নামও আলোচনায় রয়েছে।

সূত্র বলছে, সংগঠনটি থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন কবি জসীম উদ্‌দীন হল শাখার আহ্বায়ক তানভীর বারী হামীম ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন বিজয় একাত্তর হলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ।

সম্ভাব্য ভিপি প্রার্থী মনিমুল ইসলাম জিসান বলেন, ‘সংগঠন যাকে যোগ্য মনে করবে, তাকে সিলেক্ট করবে। আমরা দলের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের মাঠ সাজাব।’

আবিদুল ইসলাম খান বলেন, ‘সোমবার রাতে বেশ কয়েকটি মিটিং হয়েছে। তবে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বুধবার (আজ) বিকালে চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হবে।’

জিএস প্রার্থী তানভীর বারী হামীম বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদী সময়ে যারা রাজপথে ছিল, তাদের নিয়েই আমরা এবারের প্যানেল গঠন করব। স্লোগান থাকবেÑ‘টুগেদার উই উইল মেক আওয়ার ডিউ প্রাউড এগেইন’।

এদিকে মনোনয়ন সংগ্রহের শেষদিনেও সংগঠনটির নেতাকর্মীদের এককভাবে মনোনয়নপত্র নিতে দেখা গেছে।

ছাত্রশিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’

এদিকে সোমবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ঘোষিত প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম। জিএস পদে আছেন ছাত্রশিবির ঢাবি শাখার বর্তমান সভাপতি এসএম ফরহাদ এবং এজিএস পদে সেক্রেটারি মহিউদ্দিন খান।

এ ছাড়া প্যানেলে ফাতিমা তাসনীম জুমা (মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক), খান জসীম (আন্তর্জাতিক সম্পাদক), নূরুল ইসলাম সাব্বির (সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক), আরমান হোসেন (ক্রীড়া সম্পাদক), আসিফ আব্দুল্লাহ (ছাত্র পরিবহন সম্পাদক), শরিফুল ইসলাম মুয়াজ (সমাজসেবা সম্পাদক), সাজ্জাদ হোসাইন খান (গবেষণা ও প্রকাশনা সম্পাদক), মাজহারুল ইসলাম (ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক), আব্দুল্লাহ আল মিনহাজ (স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক) এবং সাখাওয়াত জাকারিয়া (মানবাধিকার ও আইন সম্পাদক) প্রার্থী হয়েছেন।

বাম জোটের প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’

বামপন্থি শিক্ষার্থীদের সমন্বিত প্ল্যাটফর্ম ‘প্রতিরোধ পর্ষদ’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। গতকাল মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিপ্লবী ছাত্রমৈত্রীর জেনারেল সেক্রেটারি জাবির আহমেদ জুবেল।

প্যানেলের ভিপি পদে আছেন শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস মেঘমল্লার বসু ও এজিএস জাবির আহমেদ জুবেল। এ ছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে মনোনীত হয়েছেন মোজাম্মেল হক, নুজিয়া হাসিন, আকাশ আলী, লিটন ত্রিপুরা, নিনাদ খান, নাঈম উদ্দীন, ফারিয়া মতিন, মালিহা তাবাসসুম, আবু মুজাহিদ আকাশ, শেখ তাসনুভা সৃষ্টি, ফাতিন ইশরাক ও আলমগীর হোসেন।

সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছে নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীসহ ১২ জনকে।

এদিকে জোট ঘিরে বিভাজন দেখা দিয়েছে। বামপন্থিদের আরেকটি অংশ বিকল্প প্যানেলের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে, যেখানে ভিপি পদে নাঈম হাসান হৃদয়, জিএস মাহবুবুর রহমান ও এজিএস অনয় নির্বাচন করবেন।

এদিকে এই প্যানেলের ভিপি প্রার্থী ইমিকে ঘিরে সমালোচনার সৃষ্টি হয়েছে। ২০১৯ সালে তিনি ‘শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য’ করার প্রস্তাব দেওয়ায় তার পুরোনো বক্তব্য ফের আলোচনায় উঠে এসেছে।

আজ ঘোষিত হবে আরো কয়েকটি প্যানেল

আজ বুধবার পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবে বলে জানিয়েছে বেশ কয়েকটি সংগঠন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, উমামা ফাতেমার নেতৃত্বে সাংবাদিক জোট, ‘ডিইউ ফার্স্ট’ স্বতন্ত্র প্যানেল।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ থেকে প্রাথমিকভাবে শীর্ষ পদগুলোতে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন ভিপি পদে ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের, জিএস পদে কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং এজিএস পদে ঢাবি শাখার মুখপাত্র আশরেফা খাতুন।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সদস্য সচিব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা স্বতন্ত্র একটি প্যানেল থেকে ভিপি পদে লড়বেন। প্যানেলটি থেকে জিএস পদে ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূঁইয়া এবং এজিএস পদে ঢাবি সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী নির্বাচন করবেন বলে জানানো হয়েছে।

এ ছাড়া স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদের নেতৃত্বে গঠিত হয় ‘ডিইউ ফার্স্ট’ নামে আরেকটি স্বতন্ত্র প্যানেল। যেখানে ভিপি পদে লড়বেন জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ। জিএস পদে মাহিন সরকার এবং ফাতেমা শাহরিন এনি নির্বাচন করবেন।

ছাত্র অধিকার পরিষদের প্যানেল ‘ডাকসু ফর চেইঞ্জ’

ছাত্র অধিকার পরিষদ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘ডাকসু ফর চেইঞ্জ’ নামে। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, জিএস পদে সাবিনা ইয়াসমিন ও এজিএস পদে রাকিবুল ইসলাম।

অন্য সম্পাদকীয় পদে আছেন শাকিব খান, আরিফুর রহমান মজুমদার, মুক্তার হোসেন, আশিক হৃদয় আহমেদ, রাকিব হোসেন, ইশতিয়াক আহমেদ, সিয়াম ইমন ও রজবসালার খান শাওন।

এ ছাড়া ইসলামী ছাত্র আন্দোলনও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ভিপি পদে প্রার্থী হয়েছেন সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, জিএস পদে কেন্দ্রীয় সহসম্পাদক আহসান মারজান এবং এজিএস পদে ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন।

অনার্স শেষেও শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফ-এর ১৫ সদস্য পাচ্ছেন শিক্ষা বৃত্তি

কুবিতে মুক্তিযোদ্ধা কোটায় ১৬ হাজার পজিশনেও সাবজেক্ট

ঢাবি শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সাংবাদিক ও ঢাবি শিক্ষার্থীর ওপর হামলা, ডাকসুর নিন্দা

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী–সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ডাকসুর নিন্দা

চবিতে দুইদিনে ১৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন

জাবি প্রেসক্লাবের সভাপতি আমার দেশের তাওহীদ, সম্পাদক ওসমান