সম্প্রতি জীবনের আরও একটি বসন্ত পার করলেন নন্দিত অভিনেত্রী কামরুন নাহার রুমা। গত ২২ সেপ্টেম্বর ছিল তাঁর জন্মদিন। জন্মদিনের রেশ না কাটতেই নতুন এক একক নাটকের খবর জানালেন সাম্প্রতিক সময়ের বেশ জনপ্রিয় এই অভিনেত্রী।
নতুন নির্মাতা মামুন অর রশীদের পরিচালনায় শাকিব সাব্বিরের গল্পে নির্মিত একটি পারিবারিক গল্পের নাটকে অভিনয় করেছেন রুমা। এতে তাঁর বিপরীতে রয়েছেন গুণী ও ভার্সেটাইল অভিনেতা সায়েম সামাদ। নাটকের অন্য দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেতা বড়দা মিঠু এবং প্রবীণ অভিনেত্রী মৌ শিখা।
নাটকটি প্রসঙ্গে কামরুন নাহার রুমা বলেন, ‘নাটকের গল্পটি শাকিব সাব্বিরের, যা আমার বেশ ভালো লেগেছে। নির্মাতা মামুনুর রশীদ খুব যত্ন নিয়ে নাটকটি বানিয়েছেন। আর আমার জন্মদিনে সহকর্মী ও ভক্তদের ভালোবাসায় আমি সত্যিই আবেগাপ্লুত। সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।’ তিনি আরও জানান, একই পরিচালকের প্রচারচলতি জনপ্রিয় ধারাবাহিক ‘চাকর যখন মালিক’-এও তিনি নিয়মিত অভিনয় করছেন।
অভিনেতা বড়দা মিঠু বলেন, ‘গল্পটাই মূলত এই নাটকের প্রাণ। আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে চরিত্রগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
পরিচালকের প্রশংসা করে সায়েম সামাদ বলেন, ‘মামুন অর রশীদের সঙ্গে এটিই আমার প্রথম কাজ। নির্মাতা হিসেবে তিনি ভীষণ আন্তরিক এবং তাঁর টিম যথেষ্ট গুছানো। অতিরিক্ত কোনো শট না নিয়ে নিখুঁত কাজ করার ধরণটি ভালো লেগেছে।’ উল্লেখ্য, সায়েম সামাদ বর্তমানে ‘সাহেব’ নামের নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।
অভিনেত্রী মৌ শিখা অনুভূতি প্রকাশ করে বলেন, ‘নাটকটিতে কাজ করে খুব ভালো লেগেছে। কাজের পাশাপাশি সম্প্রতি একটি জুয়েলারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনেও মডেল হয়েছি। ২৯ ও ৩০ সেপ্টেম্বর নতুন আরেকটি নাটকের কাজ আছে।’ সব মিলিয়ে অভিনয়েই ব্যস্ত সময় পার করতে চান বলে জানান তিনি।