ঈদুল আজহা উপলক্ষে নতুন এক দম্পতির গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় নির্মাতা ও চিত্রনাট্যকার সাগর জাহান। তিনি নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘পাল্লু বিল্লুর বিয়ে’। এতে জুটি বেঁধেছেন ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা ফারহান আহমেদ জোভান এবং কেয়া পায়েল। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটিতে পাল্লু চরিত্রে অভিনয় করেছেন জোভান। সেখানে বিল্লু চরিত্রে দেখা যাবে পায়েলকে।
নির্মাতার ভাষ্য, এটি মূলত নতুন দাম্পত্যজীবন, বাসর রাত ও সম্পর্কের শুরু নিয়ে নির্মিত ভিন্নধর্মী প্রেমের গল্প। নাটকের অন্যতম আকর্ষণ হিসেবে কেয়া পায়েলকে দেখা যাবে ঢাকাইয়া ভাষায় কথা বলতে। পাশাপাশি গল্পে উঠে আসবে পুরান ঢাকার আবহ ও সেখানকার পারিবারিক জীবনের নানা রঙ। ‘পাল্লু বিল্লুর বিয়ে’ নাটকে আরো অভিনয় করেছেন—ঝুনা চৌধুরী, মিলি বাশার, আজম খান, মাসুদ হারুন, দিশা ইসলাম ও বাপ্পী আশরাফ।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, আসন্ন ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।