আট বছর আগে মাহদী সুলতানের তুমুল জনপ্রিয় ‘তোর মন পাড়ায়’ গানের মিউজিক ভিডিও দিয়ে নজর কেড়েছিলেন মডেল ও অভিনেত্রী শাকিলা পারভীন। এরপর নাটক ও সিনেমায় নিজের অবস্থান তৈরি করলেও বিয়ের পর অভিনয় থেকে কিছুটা দূরত্ব বজায় রাখছিলেন তিনি। বিরতি কাটিয়ে এবার সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ‘আমরা ভাইরাল’ নামের নতুন একটি ধারাবাহিক নাটকের মাধ্যমে দর্শক মাতিাতে আসছেন এই অভিনেত্রী।
আল আমিন স্বপনের গল্পে নির্মিত ৫২ পর্বের এই ধারাবাহিকে শাকিলা পারভীন অভিনয় করেছেন ‘বহ্নি’ নামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে। জানা গেছে, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে নাটকটির প্রচার শুরু হতে যাচ্ছে।
নতুন কাজ ও চরিত্র প্রসঙ্গে শাকিলা পারভীন বলেন, ‘এর আগেও আমি সাজিন আহমেদ বাবু ভাইয়ের পরিচালনায় কাজ করেছি। তবে ‘আমরা ভাইরাল’ ধারাবাহিকটিতে অভিনয় করে সত্যিই অনেক তৃপ্ত। বহ্নি চরিত্রটি বেশ চমৎকার এবং দর্শকদের পছন্দ হওয়ার মতো। এত সুন্দর একটি চরিত্রে কাজের সুযোগ দেওয়ার জন্য পরিচালককে ধন্যবাদ। আশা করছি ৫২ পর্বের এই ধারাবাহিকটি সবাই উপভোগ করবেন।’
পরিচালক সাজিন আহমেদ বাবু জানান, বিনোদনের পাশাপাশি সমসাময়িক বাস্তবতার নানা দিক হাস্যরসের মোড়কে নাটকে তুলে ধরা হয়েছে।
এই ধারাবাহিকে শাকিলার সঙ্গে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবু হোরায়রা তানভীর, মৌসুমী হামিদ, নাজনীন চুমকী ও ফারজানা চুমকীদের মতো গুণী শিল্পীরা। নাটকটির চিত্রগ্রহণ করেছেন মশিউর রহমান এবং আবহ সংগীতে ছিলেন আপেল মাহমুদ এমিল।
উল্লেখ্য, শাকিলা পারভীন অভিনীত সর্বশেষ আলোচিত নাটক ছিল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে ‘সেম সেম বাট ডিফরেন্ট’, যেখানে তাঁর অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছিল।