বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে মঞ্চায়িত হলো জনপ্রিয় ইংরেজি নাটক ‘দ্য পাইড পাইপার অব হ্যামেলিন’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার থিয়েটার ওয়ার্কশপের শিক্ষার্থীদের অংশগ্রহণে সোমবার সন্ধ্যায় নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উইলিয়াম গ্লেননের রচনায় বিখ্যাত এই জার্মান লোকগাথাভিত্তিক নাটকটি নির্দেশনা দিয়েছেন গুণী নাট্যনির্দেশক ও অভিনেতা আশীষ খন্দকার। প্রযোজনাটি নিয়ে নির্দেশক আশীষ খন্দকার জানান, ‘নতুন প্রজন্মের নাট্যকর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং বিশ্বসাহিত্যের অনন্য এই সৃষ্টিকে মঞ্চে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতেই আমাদের এই প্রয়াস। ছোট-বড় সব বয়সের দর্শকের জন্যই নাটকটি উপভোগ্য হবে।’
বিখ্যাত জার্মান গল্প অবলম্বনে তৈরি এই নাট্যরূপে উঠে এসেছে একটি শহরের ইঁদুরের উপদ্রব, শহরের মেয়রের প্রতিশ্রুতি ভঙ্গ এবং রহস্যময় বাঁশিওয়ালার জাদুকরী সুরের বহুল পরিচিত আখ্যান। আয়োজকরা জানান, অভিনব দৃশ্যকাব্য, সাবলীল ইংরেজি সংলাপ ও নির্দেশকের ব্যতিক্রমী মঞ্চভাবনা দর্শককে নতুন এক নাট্য অভিজ্ঞতা প্রদান করবে।
প্রযোজনাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোহাম্মদ আহ্ নাফ আলম, মোহাম্মদ সিনদীদ শামাউন তীর্থক, আয়ুশ দেবনাথ, অর্জুন দে, মারিয়ম ইয়ারলিন লাহান্তী, আবদুল্লাহ জামিল মাহমুদ (আনন্দ), ইশায়াত রণ, ইসাবাহ রচি, ফাবিহা জুবাইদা সিদ্দিকী, মৃণ্ময়ী আশীষ ও মনস্বিতা বড়াল।
উল্লেখ্য, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার এই থিয়েটার ওয়ার্কশপটি পরিচালনা করে থিয়েটার চর্চা ও প্রশিক্ষণকেন্দ্র ‘ফ্রাইডে থিয়েটার স্কুল’। এ ধরনের মঞ্চায়নের মাধ্যমে কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ শিক্ষার্থীরা তাঁদের অর্জিত নাট্যদক্ষতা সরাসরি দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছেন।