শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এমনই জানালেন নাটকের শিল্পী কলাকুশলী ও নির্মাতা মোস্তফা কামাল রাজ। তবে, কততম পর্বে গিয়ে শেষ হচ্ছে তা এখনো জানা যায়নি।
চ্যানেল আইয়ের পর্দায় প্রতি বুধ ও বৃহস্পতিবার নাটকটি প্রচারের পর এটি দেখা যাচ্ছে সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে। এখন পর্যন্ত ৪৬টি পর্ব প্রচারিত হয়েছে নাটকটির। এরই মধ্যে তুমুল জনপ্রিয়তায় পৌঁছেছে পারিবারিক গল্পের নাটকটি। মূলত পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মিত হয়েছে।
নাটকের গল্পে উঠে এসেছে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ। নাটকে ফাহাদ চরিত্রে ইরফান সাজ্জাদ ও সামির চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। মেহরী চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। সায়রা চরিত্রে আছেন সুনেরাহ বিনতে কামাল। সিরিজের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ইসরাত। চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির। নির্মাণের পাশাপাশি নাটকটির গল্পও লিখেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
তিনি বলেন, ‘আমাদের সমাজের মূল শক্তি হলো পরিবার। আমি বিশ্বাস করি, পরিবারকে কেন্দ্র করে বলা গল্পগুলো দর্শকের হৃদয়ে সব সময়ই গভীরভাবে দাগ কাটে। তাই এই সিরিজের ট্যাগলাইন রেখেছি, ‘পরিবারই শুরু, পরিবারই শেষ।’ গল্পে আমরা দেখানোর চেষ্টা করেছি পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব ও মমত্ববোধ। দর্শক যেন নিজেদের জীবনের টুকরো টুকরো অংশ এখানে খুঁজে পান, সেটাই আমাদের মূল চেষ্টা।
মোদ্দা কথা, পারিবারিক বন্ধনের গুরুত্ব তুলে ধরার প্রয়াসে সিরিজটি তৈরি করেছি।’ ‘এটা আমাদেরই গল্প’তে ব্যবহৃত গানগুলোর প্রতি শ্রোতারা ভালো লাগার কথা জানিয়েছেন। এর মধ্যে টাইটেল গান সুর করেছেন ও গেয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা দোলা রহমান। গানটি লিখেছেন মাহমুদ মানজুর। রবিবার ছিল নাটকটির শুটিংয়ের শেষ দিন। আবেগঘন পরিবেশে সব কলাকুশলী এক হয়ে নাটকের সমাপ্তি ঘোষণা করেছেন। দাঁড়িয়ে ধন্যবাদ ও স্যালুট জানিয়েছেন নির্মাতা মোস্তফা কামাল রাজকে।