বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় ও ভার্সেটাইল অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে আবারো একটি নতুন নাটকে জুটি বাঁধলেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। নাটকের নাম ‘জামাই মানে যন্ত্রনা’।
ইউসুফ আলী খোকনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ মেধাবী নির্মাতা সরদার রোকন। এরই মধ্যে নাটকটির নির্মাণ কাজ দৃশ্যধারণ পর্ব শেষ হয়েছে।
মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা জুটির পূর্বের নাটকগুলো দর্শকদের মাঝে বেশ সমাদৃত হয়েছিল। নতুন এই কাজটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে মোশাররফ করিম বলেন, “সরদার রোকন বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করেছে। গল্পটা অন্যরকম এবং নীলা আগের চেয়ে ভালো অভিনয় করার চেষ্টা করেছে।”
সহশিল্পী হিসেবে মোশাররফ করিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে নীলাঞ্জনা নীলা বলেন, “মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় করাটা শুরুর দিকে বেশ ভয়েরই ছিল। তবে দিন দিন তাঁর সঙ্গে কাজ করাটা ভীষণ উপভোগ্য হয়ে উঠছে। তাঁর সঙ্গে অভিনয় করা মানেই অভিনয়ের অনেক কিছু জানা ও শেখা। ‘জামাই মানে যন্ত্রনা’ নাটকটি নিয়ে আমি দারুণ আশাবাদী।”
পরিচালক সরদার রোকন বলেন, “মোশাররফ ভাই আমাদের নাট্যাঙ্গনের ভীষণ গুণী ও জাত অভিনেতা। নির্মাতা হিসেবে তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে আমিও অনেক কিছু শিখি। খোকনের চমৎকার গল্পে মোশাররফ ভাই ও নীলাঞ্জনা নীলা দুজনই দারুণ অভিনয় করেছেন।”
পরিচালক সূত্রে জানা গেছে, শিগগিরই নাটকটি একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে।
উল্লেখ্য, এর আগে মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলাকে ‘জামাই বউ অতি চালাক’, ‘বাবার বিয়ে’, ‘জামাই বউ আসামী’, ‘ফিটফাট বাবু’ ও ‘বউ পাগল জামাই’ নাটকে একসাথে দেখা গেছে। অন্যদিকে সরদার রোকনের পরিচালনায় মোশাররফ করিমের ‘ভাঙ্গারির বই রাজরানি’, ‘রেডিও জয়নাল’ ও ‘ইনজেকশন মতিন’ নাটকগুলোও দর্শকের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।